ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী পালিত হবে সোমবার।
দিনটি উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা হয়েছে। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। এছাড়া সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ নিবন্ধ।
জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক বাণীতে দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দিনটি উদযাপনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটিসহ সারাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
জন্মাষ্টমী উপলক্ষে সোমবার দুপুরে রাষ্ট্রপতি বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের জন্য সংবর্ধনার আয়োজন করেছেন।
ভগবান শ্রীকৃষ্ণ
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। তিনি সনাতন ধর্মের অবতার হিসেবে প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ব্রত নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় ভালো মানুষের অধিকার প্রতিষ্ঠায় ব্রতী হন।
সনাতন ধর্মালম্বীদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে একই ভাবে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসেন। এসে সত্য ও সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠা করেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জন্মষ্টমী ব্রত (উপবাস) পালনে সমস্ত পাপমোচন ও পূণ্যলাভ হয়। যারা নিয়মিত এ ব্রত পালন করে থাকেন তাদের সৌভাগ্য, আরোগ্য ও সন্তান লাভ হয়। এছাড়া পরকালে স্বর্গ প্রাপ্তি নিশ্চিত হয়।
জন্মাষ্টমীর শোভাযাত্রা ও কর্মসূচি
দিনটি পালনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মহানগর সার্বজনীন পূজা কমিটি তিনদিনের কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে রোববার রাত ১টায় শ্রীকৃষ্ণ পূজা। সোমবার সকাল ৮টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হবে গীতাযজ্ঞ। ২৬ অগাস্ট ঢাকেশ্বরী মন্দিরে হবে আলোচনা সভা।
স্বামীবাগের আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে দুপুরে পদাবলী কীর্তনের মাধ্যমে শুরু হবে জন্মাষ্টমীর অনুষ্ঠান। এরপর বিকাল সাড়ে ৩টায় হবে আলোচনা অনুষ্ঠান। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সন্ধ্যায় আরতির পর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষ হবে রাত সাড়ে ১০টায় মহাঅভিষেকের (শ্রীকৃষ্ণের জন্মক্ষণ) মাধ্যমে।
চট্টগ্রামসহ দেশের অন্যান্য স্থানেও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন, প্রসাদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সোমবার বিকাল ৩টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে বের হবে জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা এর উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর উপস্থিত থাকার কথা রয়েছে।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বাণী
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার বাণীতে বলেন, "মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ।"
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, "আবহমানকাল থেকে এদেশের সকল ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্ব বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। সমাজে বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তা জাতীয় অগ্রগতিতে ব্যাপকতর করতে আমি সকল সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাই।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, "শ্রীকৃষ্ণ আজীবন মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন। তিনি তার জীবনাচরণ এবং কর্মের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের আরাধনা করেছেন। মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।"
শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে তার ভক্তদের অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তার বাণীতে বলেন, "সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। যুগে যুগে ধর্ম প্রচারকগণ সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গিয়েছেন। শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এমনি এক সময়ে যখন সমাজে রাজার নিষ্ঠুর অত্যাচার ও দুঃশাসন কায়েম ছিল। তিনি সেই অন্যায়কে দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন।"
বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, "এখানে সব ধর্মের মানুষে যুগ যুগ ধরে পারস্পারিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছেন। আমরা সব ধর্মের মানুষের সমঅধিকারে বিশ্বাসী। হিংসা, বিদ্বেষ, হানাহানি, বৈষম্য, অন্যায়-অবিচার দূর করে সমাজকে শান্তিময় করতে আমাদের সবাইকে অবদান রাখতে হবে।"
বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা
জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র ঘোষ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, জাতীয় হিন্দু পরিষদ, হিন্দু সমাজ সংস্কার সমিতি, সেবাশ্রম কেন্দ্রীয় কমিটি, ছাত্র-যুব ঐক্যপরিষদ, খ্রিস্টান অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২১৫১ ঘ.
bdnews24