২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আ'লীগ নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত

যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের উপস্থিতিতে রংপুর জেলা আওয়ামী লীগ নেতারা ছয় সাংবাদিককে লাঞ্ছিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

রংপুর, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের উপস্থিতিতে রংপুর জেলা আওয়ামী লীগ নেতারা ছয় সাংবাদিককে লাঞ্ছিত করেছেন। এ সময় ওই নেতারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সভামঞ্চ থেকে বের হয়ে যাওয়ারও নির্দেশ দেন। রোববার বিকালে যোগাযোগ মন্ত্রী রংপুর-ঢাকা আন্তঃনগর ট্রেন 'রংপুর এক্সপ্রেস'র উদ্বোধন করতে আসেন। লাঞ্ছিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রংপুর প্রতিনিধি আলী আশরাফ, সময় টেলিভিশনের রতন সরকার, কালেরকণ্ঠের মানিক সরকার মানিক, দিগন্ত টেলিভিশনের মাযহার মান্নান, দৈনিক ইত্তেফাকের সাজ্জাদ হোসেন বাপ্পী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লিয়াকত আলী বাদল। বিকালে সাড়ে ৩টায় যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ঢাকা থেকে রংপুর এসে পৌঁছান। রেলওয়ে স্টেশনে অনুষ্ঠান শুরুর আগে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক টুটুল জেলা প্রশাসন ও রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তিনি টেবিলে চড় মেরে মন্ত্রীর উদ্দেশে বলেন, জেলা আওয়ামী লীগ নেতাদের মঞ্চে বসার ব্যবস্থা কেন হয়নি তার বিহিত না হলে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না। ওই সময় উপস্থিত সাংবাদিকরা ছবি তুলতে গেলে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল ও জেলা নেতা টুটুল বিটিভি রংপুর প্রতিনিধি আলী আশরাফকে লাঞ্ছিত করেন। তাকে উদ্ধার করতে এলে আরো পাঁচ সাংবাদিকও মারধরের শিকার হন। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা মন্ত্রীর অনুষ্ঠান ছেড়ে চলে যান। পরে রংপুর জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। এরপর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী বলেন, যোগাযোগ মন্ত্রণালয় 'পবিত্রভাবে' কাজ করছে। যারা আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না। তিনি বলেন, আমার বিরুদ্ধে 'অন্যায়ভাবে' কড়া সমালোচনা করছেন। এটাকে আমি ভালো দৃষ্টিতে দেখি। ভালো কাজ করলে অনেকের কাছে খারাপ লাগতে পারে। তাতে কিছু যায় আসে না। ঢাকা থেকে রংপুর এক্সপ্রেস ট্রেনে করে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন রংপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের রেল বিভাগের সচিব এবাদত আলী, স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান, রেলওয়ের মহাপরিচালক আবু তাহেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪০ ঘ.