২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি খাতে ৩ বিদ্যুৎকেন্দ্র অনুমোদন

বেসরকারি খাতে দুটি কয়লাভিত্তিকসহ তিনটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে আর্থিক দরপ্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে দুটি কয়লাভিত্তিকসহ তিনটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে আর্থিক দরপ্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমটি। এছাড়া জুলাই-ডিসেম্বর প্রান্তিকে মালয়শিয়া, চীন ও ফিলিপাইন থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। রোববার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম। তিনি বলেন, চট্টগ্রামে কয়লাভিত্তিক ১৫০ থেকে ৩০০ মেগাওয়াটের একটি আইপিপি বিদ্যুৎকেন্দ্র যৌথভাবে স্থাপন করবে লংকিং-ওরিয়ন জয়েন্ট ভেঞ্চার। নির্মাণ-মালিকানা-পরিচালন ভিত্তিতে নির্মিতব্য এ কেন্দ্র থেকে সরকার প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে ৩ টাকা ৭৯ পয়সা দরে। কুমিল্লার জাঙ্গালিয়ায় ডুয়েল ফুয়েলভিত্তিক ৫২ দশমিক ২ মেগাওয়াটের একটি আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে লাক্বহানাহি লিমিটেড শ্রীলঙ্কা। সরকার এদের কাছ থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে ৪ টাকা ৭৭ পয়সা দরে। খুলনায় কয়লাভিত্তিক ১৫০ থেকে ৩০০ মেগাওয়াটের একটি আইপিপি বিদ্যুৎকেন্দ্র যৌথভাবে স্থাপন করবে লংকিং-ওরিয়ন জয়েন্ট ভেঞ্চার। নির্মাণ-মালিকানা-পরিচালন ভিত্তিতে নির্মিতব্য এ কেন্দ্র থেকে সরকার প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে ৩ টাকা ৭৬ পয়সা দরে। তিন দেশ থেকে জ্বালানি জ্বালানি কেনার বিষয়ে নুরুল করিম জানান, জুলাই-ডিসেম্বর প্রান্তিকে মালয়শিয়ার পেট্রোনাস ট্রেডিং কর্পোরেশন থেকে ৪ হাজার ১৯২ কোটি টাকার জ্বালানি কিনবে সরকার। এর মধ্যে রয়েছে, ৩ লাখ ৯৫ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল, ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল, ৬০ হাজার মেট্রিক টন জেট এ ওয়ান ও ৫০ হাজার মেট্রিক টন কেরোসিন। একই সময় চীন থেকে সরকার পরিশোধিত জ্বালানি কেনা হবে ৯৯৪ কোটি টাকার। এর মধ্যে রয়েছে, ৯২ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল, ১০ হাজার মেট্রিক টন কেরোসিন, ১০ হাজার মেট্রিক টন জেট এ ওয়ান, ২০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল ও ৮ হাজার মেট্রিক টন মোগেস অয়েল। সরকার ১ হাজার ১২১ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে ফিলিপাইন থেকে। এর মধ্যে রয়েছে, ১ লাখ ২০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল ও ৩০ হাজার মেট্রিক টন মোগেস অয়েল। নুরুল করিম আরো জানান, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার জন্য এমসন্স নামের একটি প্রতিষ্ঠানের দর প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২১১৬ ঘ.