২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক সঙ্কটে শীর্ষনিউজডটকম বন্ধ

আর্থিক সঙ্কটে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সংবাদভিত্তিক ওয়েবসাইট শীর্ষনিউজডটকমের কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক সঙ্কটে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সংবাদভিত্তিক ওয়েবসাইট শীর্ষনিউজডটকমের কার্যক্রম। রোববার রাত ৮টার দিকে রাজধানীর মগবাজারে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সাংবাদিক-কর্মচারীদের এর কার্যক্রম বন্ধের কথা জানান এর জ্যেষ্ঠ প্রতিবেদক মনির হোসেন মিয়া। শীর্ষনিউজের বার্তা সম্পাদক শাহীন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্পাদকের নির্দেশে রোববার দুপুর থেকে নিউজ আপলোড বন্ধ করে দেওয়া হয়েছে।" কর্মীরা জানান, রোববার দুপুর পৌনে ১টার পর কোনো সংবাদ আপলোড করেননি তারা। রাত ১০টার কয়েক মিনিট আগে শীর্ষনিউজডটকমের ওয়েবসাইটে এক পোস্টে বলা হয়, অনিবার্য কারণে শীর্ষনিউজডটকমের প্রকাশনা আপাতত স্থগিত করা হয়েছে। ২০০৯ সালের ১৭ অগাস্ট যাত্রা শুরু করা ওয়েবসাইটটি বন্ধের বিষয় নিয়ে সোমবার কারাগারে গিয়ে এর সম্পাদকের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান শাহীন। শীর্ষনিউজের সম্পাদক একরামুল হককে গত ৩১ জুলাই চাঁদাবাজির মামলায় তার বড় মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সাপ্তাহিক শীর্ষ কাগজেরও সম্পাদক। শীর্ষনিউজ কর্তৃপক্ষ বলছে, সরকারের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় একরামুলকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব সাংবাদিক ও কর্মচারিদের জুলাই মাসের বেতন পরিশোধ করে দেওয়া হয়েছে বলে জানান মনির হোসেন। কিছু সাংবাদিক-কর্মচারীর পাওনা বকেয়া রয়েছে জানিয়ে তিনি বলেন, "আগামী কয়েকদিনের মধ্যে তা পরিশোধ করা হবে।" স¤প্রতি সম্পাদকসহ এ সংবাদভিত্তিক ওয়েবসাইটের ১০ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গত ২৮ জুলাই একরামুলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি করেন গিয়াসউদ্দিন তালুকদার নামে এক ব্যবসায়ী। এরপর ১ অগাস্ট শাহবাগ থানায় একই অভিযোগে সচিবালয়ের ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক আরেকটি মামলা করেন। এছাড়া ২ অগাস্ট ঢাকার সিএমএম আদালতে মারধর ও হত্যার হুমকির অভিযোগ এনে তৃতীয় মামলা দায়ের করেন আশুলিয়ার মো. শহিদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/০১০৮ ঘ.