ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি হবে আগামী ২৫ অগাস্ট।
রোববার ঢাকার ৪ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক মোস্তফা দেওয়ান এ তারিখ নির্ধারণ করেছেন।
মামলার পাবলিক প্রসিকিউটর মো. ফোরকান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৪ অগাস্ট মামলাটিতে পরিমল জয়ধরকে একমাত্র আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক এস এম শাহাদত হোসেন।
"সেদিই বিচার শুরুর জন্য অভিযোগপত্রসহ মামলার নথি পাঠানো হয় ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে।"
অভিযোগপত্রে মামলার অপর অভিযুক্ত ভিকারুন্নেসা নূন স্কুল এ্যন্ড কলেজের সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম এবং একই প্রতিষ্ঠানের বসুন্ধরা শাখার ভারপ্রাপ্ত প্রধান লুৎফর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এ কারণে অভিযোগপত্রের বিরুদ্ধে এ মামলার বাদি ছাত্রীর বাবা না রাজী আবেদন করবেন। বাদির আত্মীয় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের পরিচালক মো. মুজিবুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
না রাজী আবেদনের বক্তব্যের যৌক্তিকতা থাকলে অভিযোগপত্র গ্রহণ না করে বিচারক আবার মামলাটি নিয়ম অনুযায়ী তদন্তে পাঠাবেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আদালতে ছাত্রীটির দেওয়া জবানবন্দি, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণ এবং সার্বিক তদন্ত শেষে আসামি পরিমল জয়ধরের বিরুদ্ধে 'নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধিত ২০০৩' এর ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে।
অন্য দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে।
গত ২৭ জুলাই পরিমল তার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করলে নথিতে রাখার আদেশ দেয় আদালত।
গত ১১ জুলাই পরিমল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং গত ১৭ জুলাই নির্যাতনের শিকার ভিকারুন্নেসা স্কুল বসুন্ধরা শাখার দশম শ্রেণীর ওই ছাত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় ঘটনাটি বর্ণনা করে জবানবন্দি দেন।
মামলার নথিসূত্রে জানা গেছে, ছাত্রীটি বর্তমানে তার বাবা অর্থাৎ এ মামলার বাদির হেফাজতে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০২৫ ঘ.
bdnews24