ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণার দায়ে রাজধানীতে এক যুবককে এক বছরের কারদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুর ১টার দিকে টিকাটুলী থেকে মো.আবুল বারেক বিশ্বাস (৩৫) নামে ওই যুকবকে গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনা করেন র্যাব-৩ এর সিনিয়র এএসপি রহমতুল্লাহ অপু।
র্যাবের ম্যাজিস্ট্রেট এএইচ এম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বারেকের বিরুদ্ধে ১৭জন ভুক্তভোগী অভিযোগ করেছেন।
নজরুল ইসলাম নামে এক ভুক্তভোগীর অভিযোগ তুলে ধরে তিনি বলেন, চলতি বছরের ২১ এপ্রিল দৈনিক ইত্তেফাকে 'বাংলালিংক টাওয়ারে' লোক নিয়োগের একটি বিজ্ঞপ্তি দেয় বারেক। বিজ্ঞপ্তিতে অফিসের কোনো ঠিকানা উল্লেখ না করে শুধু একটি মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়।
"ওই ফোন নম্বরে যোগাযোগ করলে বারেক নিজের নাম শহিদুল বলেন এবং আবেদনপত্রের সঙ্গে কুষ্টিয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঁচশ টাকা পাঠাতে বলেন। এরপর পোশাক ও অন্যান্য খরচ বাবদ আরো আড়াই হাজার টাকা দাবি করেন তিনি। ওই টাকা পাঠানোর পর বারেক ফের দাবি করলে নজরুল বিষয়টি র্যাবকে জানায়।"
র্যাবের জিজ্ঞাসাবাদে বারেক তার প্রতারণার কথা স্বীকার করেছে বলেও জানান ম্যাজিস্ট্রেট পাশা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/২০২২ ঘ.
bdnews24