নাটোর, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়া উপজেলার মোল্লারণ বাঁধভাঙা পানির তোড়ে কয়েকশ' কৃষকের জাগ দেওয়া পাট ভেসে গেছে। তলিয়ে গেছে হাজার হাজার বিঘা জমির ফসল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বাঁধটি ধসে গেলে বারনই নদীর পানি আনন্দনগর মাঠে পানি ঢুকে পড়ে।
কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান ফুনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই বাঁধ ভাঙার ফলে কৃষকদের কোটি কোটি টাকার ক্ষতি হবে।
দুপুর থেকে অনেক চেষ্টা করেও বাঁধ মেরামত করা সম্ভব হয়নি। পানি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানান তিনি।
আনন্দনগর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আনন্দনগর মাঠে ধান চাষ করার জন্য বারনই নদীর উত্তর অংশে সরকার বাঁধ নির্মাণ করে। এর ফলে গত কয়েক বছর ধরে তারা ভালোভাবেই আমনের আবাদ করে আসছিলেন।
রোববার দুপুরে মোল্লারণ অংশের বাঁধটি ধসে যায়। পানির প্রবল ¯্রােতে বাঁধের উত্তরে কৃষকদের জাগ দেওয়া লাখ লাখ টাকার পাট ভেসে গেছে।
গ্রামের পাটচাষি বদিয়ার মোল্লা জানান, বাঁধের বিপরীতে তার মতো কয়েকশ' কৃষক পাট জাগ দিয়েছিল। বাঁধ ভেঙে সেগুলো ভেসে গেছে।
এছাড়া মাঠের হাজার হাজার বিঘা জমির উফশি বিআর-২৮ ধান এবং সদ্য রোপণ করা বোরো ক্ষেতও পানিতে ডুবে গেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০০ ঘ.
bdnews24