রংপুর, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের নাগরিকত্বের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে ৫১টি ছিটমহলের অধিবাসীরা। এই দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপিও দিয়েছেন তারা।
রোববার দুপুরে কয়েক হাজার ছিটমহলবাসী মিছিল নিয়ে রংপুর শহরে আসে। তারা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের দাবিতে শ্লেগানও দেন তারা।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সভাপতি ময়নুল হক এ সময় বক্তব্য রাখেন।
বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরের ভারতের ১১১টি ছিটমহল রয়েছে। এর মধ্যে ৫১টি রয়েছে রংপুর বিভাগে। গত জুলাই মাসে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে এসব ছিটমহলে লোকগণনা করা হয়।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে 'ভূমি সীমানা চুক্তি' স্বাক্ষর হয়। ওই চুক্তির আলোকে উভয় দেশের সীমানা নির্ধারণের কাজ শুরু হলেও দীর্ঘদিন সেটি ঝুলে থাকে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সীমানা বিরোধসহ ছিটমহল সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
ছিটমহলবাসীর সমাবেশে বক্তারা আশা প্রকাশ করেন, আসছে সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বাংলাদেশ সফরের সময় এসব সমস্যার সমাধানে সরকার যথাযথ পদক্ষেপ নেবে।
সমাবেশ শেষে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহাম্মেদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৯৫৫ ঘ.
bdnews24