চট্টগ্রাম, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত তারিখের একদিন আগেই রোববার চট্টগ্রামে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। এতে ভোগান্তির শিকার হয়েছেন অনেকে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিন ছয় হাজার টিকিট বিক্রি হয়েছে। এদিন ২৬ অগাস্টের বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হয়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার সামসুল আলম জানান, ২২ তারিখ থেকে টিকিট বিক্রির কথা থাকলেও পরে তা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়।
টিকিটের জন্য দীর্ঘ লাইন
এদিকে, ঈদে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার টিকিট সংগ্রহের জন্য শনিবার রাত ১১টা থেকে লাইনে দাঁড়াতে শুরু করে যাত্রীরা। সারারাত লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই ফিরেছেন টিকিট না পাওয়ার হতাশা নিয়ে।
চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জুয়েল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিকিটের জন্য শনিবার রাত ১১টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকে তিনি চারটি টিকিট পেয়েছেন।
তবে সকাল ৯টায় বিক্রি শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যেই ২৬ তারিখের সব টিকিট শেষ হয়ে যায়। আর তাই অনেককেই ফিরতে হয়েছে খালি হাতে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. বায়েজিদ জানান, সেহেরি খাওয়ার পর লাইনে দাঁড়িয়েও তিনি টিকিট পাননি।
"অনেকেই আজ থেকে টিকিট বিক্রির খবর না পাওয়ায় অনেকেই আসেনি। এতে আগামীতে প্রতিযোগিতা আরো বাড়বে। তাই টিকিট পাওয়া নিয়ে শঙ্কায় আছি।"
সবাইকে টিকিট দিতে না পারার কথা স্বীকার করে স্টেশন ম্যানেজার শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলওয়ের নানা সীমাবদ্ধতার কারণে টিকিটের জন্য আসা অর্ধেক যাত্রীদেরও টিকিট দিতে পারিনি।
২১ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত মোট পাঁচদিন অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আগামী ২২ অগাস্ট দেওয়া হবে ২৭ তারিখের, ২৩ অগাস্ট ২৮ তারিখের, ২৪ অগাস্ট ২৯ তারিখের এবং ২৫ অগাস্ট দেওয়া হবে ৩০ অগাস্টের টিকিট।
এ ছাড়া প্রতি বছরের মতো এবারো চাঁদপুর এবং কুমিল¬া রুটে এক জোড়া বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হবে বলে জানান শামসুল।
তিনি বলেন, "আন্তঃনগরের আট জোড়া এবং পাঁচ জোড়া মেইল ট্রেনে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার যাত্রী চট্টগ্রাম ছেড়ে যাবে। এ ছাড়া কুমিল্লা এবং চাঁদপুরগামী দুই জোড়া বিশেষ ট্রেনে আরো আড়াই হাজার যাত্রী যাওয়া-আসা করতে পাববে।"
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) মো. হাবিবুর রহামান জানান, রেল যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।
কালোবাজারি রোধে বিশেষ নজরদারি করার কথা জানিয়ে তিনি বলেন, একজন যাত্রীকে চারটির বেশি টিকিট দেওয়া হবে না। পাশাপাশি চাহিদার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত বগি সংযোজন ও স্ট্যান্ডিং টিকিটও দেওয়া হবে।
আট জোড়া আন্তঃনগর ট্রেনের মধ্যে সূবর্ণ এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টা, মহানগর প্রভাতি ৭টা ২০ মিনিট, চট্টলা এক্সপ্রেস সকাল সাড়ে ৯টা, মহানগর গোধূলি বিকাল ৩টা, উদয়ন এক্সপ্রেস রাত ৯টা এবং তূর্ণা নিশীথা রাত ১১টায় ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যায়।
এ ছাড়া পাহাড়িকা প্রতিদিন সকাল ৮টা এবং মেঘনা এক্সপ্রেস বিকাল পাঁচটায় সিলেটের উদ্যেশ্যে চট্টগ্রাম ত্যাগ করে।
পাঁচ জোড়া মেইল ট্রেনের মধ্যে রয়েছে- সাগরিকা, কর্ণফুলী, ময়মনসিংহ এক্সপ্রেস, ঢাকা মেইল ও জালালাবাদ এক্সপ্রেস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/১৯৫১ ঘ.
bdnews24