২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের অবৈধ দুই কারখানার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সাড়ে চার কোটি টাকা জরিমানার পর এবার গাজীপুরে অবৈধভাবে স্থাপিত গিয়াস উদ্দিন আল মামুনের দুই কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে চার কোটি টাকা জরিমানার পর এবার গাজীপুরে অবৈধভাবে স্থাপিত গিয়াস উদ্দিন আল মামুনের দুই কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার প্রতিষ্ঠান দুইটি জরিমানার প্রথম কিস্তি দিতে ব্যর্থ হওয়ায় এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "পরিবেশ ছাড়পত্রবিহীন বেআইনি কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার কোন বিধান নেই। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের উপস্থিতিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় কারখানা দুটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে স্থাপিত ডেনিম মিলস লিমিটেড ও ওয়ান স্পিনিং মিলস লিমিটেড নামে প্রতিষ্ঠান দুটিকে শনিবার যথাক্রমে এক কোটি ৭৫ লাখ ও দু কোটি ৬০ লাখ টাকা জরিমানা করে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দূষণরোধী এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) পরিচালনায় ত্র"টি ও অনিয়মের কারণে ওয়ান ডেনিমকে আলাদাভাবে ১৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কারখানার মালিক এবং বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক সহযোগী গিয়াস উদ্দিন আল মামুন অর্থ পাচার মামলায় কারাগারে আটক রয়েছেন। মুনীর চৌধুরী জানান, কারখানা কর্তৃপক্ষ রোববার জরিমানার প্রথম কিস্তি বাবদ এক কোটি ৫১ লাখ টাকা পরিশোধের জন্য গতকাল (শনিবার) অঙ্গীকার করে। কিন্তু অঙ্গীকার ভঙ্গ করে জরিমানা পরিশোধে কারখানা কর্তৃপক্ষ ব্যর্থ হয়। "যত দ্রুত সম্ভব জরিমানার কিস্তি পরিশোধ করার অঙ্গীকার করেছে তারা।" মুনীর চৌধুরী জানান, জাতীয় উদ্যানে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে সরকারী জমি কিংবা ব্যক্তিমালিকানাধীন জমিতে কেবল কলকারখানাই নয় ঘরবাড়ি নির্মাণও নিষিদ্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৩৩ ঘ.