২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের ২৫৯ কর্মচারী কেন ছুটি পাবে না, প্রশ্ন হাইকোর্টের

বাংলাদেশ রেলওয়ের ২৫৯ কর্মচারীকে সাপ্তাহিক ছুটি দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রেলওয়ের ২৫৯ কর্মচারীকে সাপ্তাহিক ছুটি দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনে রোববার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ এ আদেশ দেয়। ছয় সপ্তাহের মধ্যে যোগাযোগ সচিব, জনপ্রশাসন সচিব ও রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিস্ট ব্যক্তিদের এর জবাব দিতে হবে। রিট আবেদনে বলা হয়, দেশে বিভিন্ন জায়গায় কর্মরত রেলওয়ের খালাসি, সুইপার, ক্লিনার পদের এসব কর্মচারীদের বছরের ৩৬৫ দিনই কাজ করতে হয়। অতিরিক্ত শ্রমের জন্য তাদের কোনো মজুরিও দেওয়া হয় না। এ ব্যাপারে পদক্ষেপ নিতে ১৯৯৮ সালে বিভাগীয় প্রকৌশলীর কাছে দরখাস্ত করা হয় উল্লেখ করে আবেদনে বলা হয়, কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েও পরে কোন পদক্ষেপ নেয়নি। এরপর ২৫৯ জন কর্মচারীর পক্ষে মো. রেলের কর্মচারী ইমামুল হক রিট আবেদনটি করেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সাইদুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/আরএ/১৯২১ ঘ.