চট্টগ্রাম, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপদ সড়ক, অবৈধ ড্রাইভিং লাইসেন্স বাতিল, ঢাকা-চট্টগ্রামসহ সব মহাসড়কে সংস্কারসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে কয়েকটি নাগরিক সংগঠন।
কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সুপারিশকারী নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ দাবি করেন। তারা বলেন, পৃথিবীর কোনো সভ্য দেশে এভাবে লাইসেন্স দেওয়ার নামে 'হত্যাকাণ্ডের' অনুমতি দেওয়া হয় না।
মানববন্ধনে বক্তব্য দেন পেশাজীবী নেতা অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, অধ্যাপক মো. ইদ্রিস আলী, জনউদ্যোগের সমন্বয়ক শরীফ চৌহান প্রমুখ।
রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে 'জনউদ্যোগ' আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অবিলম্বে সড়ক সংস্কার করে জানমালের নিরাপত্তা এবং অবৈধভাবে নেওয়া চালকদের লাইসেন্স বাতিল করার দাবি জানান।
মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেয় 'পরিবেশ ছাত্র ফোরাম', 'পিপলস ভয়েস', 'বাংলাদেশ গার্মেন্টস প্রিন্টার্স অ্যাসোসিয়েশন', বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস), খেলাঘর, ইলমা, সামাজিক সংগঠন 'বর্ণালী', নির্মল ফাউন্ডেশন, দৃষ্টি, সংশপ্তক, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিট, ছিন্নমূল সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
গত ১৩ অগাস্ট সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী আশফাক মুনীরসহ পাঁচজনের মৃত্যু হয়। এর কয়েকদিন পর সড়কের খারাপ অবস্থার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিকরা। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে সংস্কারের উদ্যোগ নেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
নৌপরিবহনমন্ত্রী ও শাহজাহান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খানের চাপে যোগাযোগমন্ত্রী গত বছর পরীক্ষা ছাড়া ১০ হাজার ড্রাইভিং লাইসেন্স দেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এতে বলা হয়, নৌমন্ত্রী এবছর একইভাবে সাড়ে ২৪ হাজার লাইসেন্স দিতে বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯১৪ ঘ.
bdnews24