২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৫ গার্মেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

খাল ও কৃষিজমি দূষণের দায়ে সাভারের পাঁচটি পোশাক কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাল ও কৃষিজমি দূষণের দায়ে সাভারের পাঁচটি পোশাক কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) একটি রিট আবেদনে রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়। বেলার আইনজীবী অ্যাডভোকেট ইকবাল কবির লিটন এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, খাল ও কৃষিজমি দূষণের দায়ে ওই পাঁচটি পোশাক কারখানায় কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত। তবে পরে তিনি জানান, বন্ধের নির্দেশ নয়, আদালত কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এ ছাড়া কারখানাগুলোর কার্যক্রম কেন জনস্বার্থ বিরোধী ও অবৈধ ঘোষণা করা হবে না- তা জানাতে ভূমি সচিব, পরিবেশ সচিব, শিল্প সচিবসহ ১৩ জনকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। কারখানাগুলো এ পর্যন্ত কৃষি জমি ও খালের কী পরিমাণ ক্ষতি করেছে তা নির্ধারণ করে তিন মাসের মধ্যে সংশ্লিষ্টদের একটি প্রতিবেদন দিতে বলেছে আদালত। কারখানাগুলো হলো- কর্ণপাড়া গ্রামের মোজরাত নিটিং অ্যান্ড ডায়িং, তাজুল গার্মেন্টস, নাসিরুল্লাহ কটন মিল, অ্যাপারেল ভিলেজ লিমিটেড ও সিমটেক্স ইন্ডস্ট্রিজ লিমিটেড। সরকার পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/আরএ/২০৫৭ ঘ.