২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ষড়যন্ত্রকারীরা এখনো পাকিস্তানকে চায়'

আওয়ামী লীগ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা দেশ হিসেবে এখনো পাকিস্তানকে চায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

চট্টগ্রাম, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা দেশ হিসেবে এখনো পাকিস্তানকে চায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। রোববার দুপুরে চট্টগ্রামের মুসলিম হলে ২১ অগাস্টের গ্রেনেড হামলার দিবস স্মরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। মহিউদ্দিন বলেন, "তাদের স্বপ্ন এখনো পাকিস্তান। খোন্দকার মোশতাক আমাদের মধ্যেই লুকিয়ে ছিল, ষড়যন্ত্র করেছিলো। এখনো গণতন্ত্র ও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি।" যাদের মধ্যে দুর্বলতা আছে তারাই ষড়যন্ত্রের রাজনীতি করছে বলে দাবি করেন তিনি। পুরো মন্ত্রিসভার পদত্যাগ দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য প্রসঙ্গে সাবেক মেয়র বলেন, "আপনারা বললেই আমরা ক্ষমতা ছেড়ে দেবো, আর জনগণ আপনাদের ফুলের মালা দিয়ে নিয়ে আসবে-রাজনীতি এতো সহজ নয়।" সরকারদলীয় কেউ কেউ মন্ত্রীদের সমালোচনা করছেন- এ কথা তুলে ধরে তিনি বলেন, "পদত্যাগ নয়, সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনাই সরকারের কাজ। জনগণের কল্যাণ নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকার দায়িত্ব পালন করে যাবে।" সরকার খুনি ও অপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে এ কারণে ভয় পেয়ে বিরোধী দল চক্রান্ত করছে বলে দাবি করেন মহিউদ্দিন। নগর আওয়ামী লীগ আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. অনুপম সেন বলেন, বাংলাদেশে প্রগতির পক্ষের শক্তিকে হত্যা করতে প্রতিক্রিয়াশীল চক্র এখনো সক্রিয়। তিনি বলেন, ২১ অগাস্টে শেখ হাসিনার উপর বর্বর হামলা চালানো হলো। কোনো মানুষ এ ধরনের অভিজ্ঞতার ভিতর দিয়ে গেলে স্বাভাবিক থাকতে পারেন না। কিন্তু এ হামলার বিচারও স্বাভাবিক নিয়মেই হচ্ছে। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক গণপরিষদ সদস্য ইসহাক মিয়া, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএম/এএল/১৭৫৬ ঘ.