ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট এম ইউ আহমেদেকে সরকারি খরচে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফ এক আদেশে বলেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ অন্য যে কোনো হাসপাতালে সরকারি খরচে এম ইউ আহমেদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
আহমেদের স্ত্রী সেলিনা হোসেন সকালে ওই রিট করেন।
'প্রয়োজনে' তাকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানতে চেয়েছে আদালত।
এ ছাড়া আদালত এম ইউ আহমেদকে গ্রেপ্তারকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম কেন প্রকাশ করা হবে না তা জানতে চেয়েছে।
পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গত ১১ অগাস্ট ভোরে সেগুনবাগিচার বাসা থেকে এম ইউ আহমেদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে তাদের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয় আহমেদকে। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পুলিশের মহাপরিচালক, ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার, গোয়েন্দা পুলিশের (ডিবি) ডিসি, শাহবাগ থানার ওসি, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, এনআইসিবির পরিচালক এবং স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আদালতে শুনানি করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/এএল/১৭৪১ ঘ.
bdnews24