২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা নকশায় সই নিয়ে বিএনপির সন্দেহ

বিরোধ নিষ্পত্তি না করেই সীমানা চিহ্নিতকরণ নকশায় বাংলাদেশ সরকারের স্বাক্ষর করা নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধ নিষ্পত্তি না করেই সীমানা চিহ্নিতকরণ নকশায় বাংলাদেশ সরকারের স্বাক্ষর করা নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল বিএনপি। রোববার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ব্যাপারে সরকারের ব্যাখ্যাও দাবি করেন। তিনি বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যে এখনো সাড়ে ৬ কিলোমিটার সীমানার কোনো নিষ্পত্তি হয়নি। বিরোধ নিষ্পত্তি না করেই সীমানা নকশায় সই করায় দেশের স্বার্থ সঠিকভাবে রক্ষা করা হচ্ছে কি না তা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে। কেন এটা তড়িঘড়ি করা হলো- সে বিষয়েও আমরা সরকারের স্পষ্ট ব্যাখ্যা চাই।" ঢাকায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে শনিবার বাংলাদেশ ও ভারতের সীমানা চিহ্নিতকরণ নকশায় (বর্ডার স্ট্রিপ ম্যাপ) দুই পক্ষের স্বাক্ষর শুরু হয়। নয়া দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহমেদ করিম এবং ঢাকায় ভারতের হাইকমিশনার রাজীত মিত্র কয়েকটি নকশায় সইয়ের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু করেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) এবং বাংলাদেশ জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের পাঁচটি সেক্টরে বিস্তৃত ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের জন্য মোট ১ হাজার ১৪৯টি নকশা (ম্যাপ) তৈরি হয়েছে। এসব নকশার অর্ধেক বাংলাদেশ এবং অর্ধেক ভারত তৈরি করেছে। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিতে সরকারের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, "ভারতের প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের প্রথম সাপ্তাহে ঢাকা সফরে আসছেন। তার আগে সীমান্ত চিহ্নিতকরণ সমস্যার সুরাহা না করে কাদের স্বার্থে এই নকশায় সই করা হচ্ছে?" এতে সন্দেহের সৃষ্টি হচ্ছে উল্লেখ তিনি বলেন, "তারা জনগণের সমস্যার সমাধান না করে প্রতিবেশী দেশের সঙ্গে চুক্তি করা নিয়ে ব্যস্ত।" আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানি বণ্টনসহ ট্রানজিট নিয়ে কয়েকটি প্রটোকল স্বক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে বর্তমান সরকারের 'নতজানু' পররাষ্ট্র নীতির কারণে মানমোহন সিংয়ের এই সফরে বাংলাদেশ কোনো ইতিবাচক ফল পাবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন মোশাররফ। তিনি বলেন, "আমরা গঙ্গা ও তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই। টিপাইমুখে বাঁধ নির্মাণও বন্ধ করতে হবে। কিন্তু এসব বিষয় সরকার মাথা উঁচু করে ভারতের কাছে উপস্থাপন করতে পারবে কি না- তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।" বর্তমান সরকারের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, "সড়ক-মহাসড়কের মতো এই সরকারেরও বেহাল অবস্থা। মহাসড়কের অবস্থাই বর্তমান সরকারের প্রতিচ্ছবি।" প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশে অস্থিরতার সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন মোশাররফ। মফস্বল মানবাধিকার সাংবাদিক ফেরাম আয়োজিত এই আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, "দুই দেশের সীমানা চিহ্নিতকরণ নকশায় সই করার জন্য জনগণ আওয়ামী লীগকে ম্যান্ডেট দেয়নি। এই নকশায় দেশের সীমানা সঠিকভাবে চিহ্নিত হয়েছে কি না সন্দেহ রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭৩৯ ঘ.