ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের পৈত্রিক ভিটার দখল ছাড়তে ইমাম গাযযালি ইনস্টিটিউটকে দুই মাস সময় দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে পাবনায় ওই বাড়িতে সুচিত্রা সেনের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র করার সরকারি পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ও ইমাম গাযযালি ইনস্টিটিউটের পৃথক দুটি আবেদনের পর জারি করা দুই রুলের নিষ্পত্তি করে রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
আদেশের পর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত শুনানি শেষে গত বৃহস্পতিবার রায় দেওয়া শুরু করে। আজ শেষ করেছে।"
"ওই স্থানে ইতিমধ্যেই সরকার সুচিত্রা সেনা স্মৃতি সংরক্ষণ কেন্দ্র করার পরিকল্পনা হাতে নিয়েছে।"
ইমাম গাযযালি ইনস্টিটিউটের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার আব্দুর রাজ্জাক ও ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক।
ইমরান এ সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক প্রশ্নের জবাবে বলেন, "আমরা তো দুই মাস সময় পাচ্ছি। আপিলের বিষয়টি এ সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া যাবে।"
সুচিত্রা সেন দেশভাগের আগে পাবনায় ওই বাড়িতে থাকতেন। তিনি পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়তেন।
সুচিত্রা পরিবারসহ ভারতে চলে যাওয়ার পর বাড়িটি অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত হয় এবং এখানে কিছুদিন সরকারি লোকজন বসবাস করতেন। পরে ১৯৮৭ সালে জামায়াতে ইসলামীর লোকজন পরিচালিত ইমাম গাযযালি ইনস্টিটিউট ওই বাড়ির জমি ইজারা নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/পিডি/১৭৩৭ ঘ.
bdnews24