রাজশাহী, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পবায় ১৬ জনের দেহে অ্যানথ্রাক্স বা তড়কা রোগের জীবাণু সনাক্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সেলিম মাহমুদ উল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আক্রান্তরা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের খিরশিনটিকর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, রমজানের শুরুতে একটি গরু জবাই করে কয়েকটি পরিবার ওই মাংস ভাগাভাগি করে নেয়। মূলত এসব পরিবারের সদস্যরাই অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন।
ইউএনও সেলিম মাহমুদ জানান, আক্রান্তদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রশাসন এরই মধ্যে ওই গ্রামে গিয়ে আক্রান্তদের খোঁজ নিয়েছেন।
তারা এখন অনেকটা সুস্থ আছেন বলেও জানান তিনি।
জেলা সিভিল সার্জন শহীদুল ইসলাম বলেন, আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল আলম বলেন, রোববার ওই গ্রামে পশুগুলোকে টিকা দেওয়া হয়েছে। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
গত মে-জুন মাসে সিরাজগঞ্জ ও পাবনায় অ্যানথ্রাক্স সংক্রমণের ঘটনা ঘটে।
সাধারণত অ্যানথ্রাক্স আক্রান্ত পশু জবাই, মাংস কাটা ও ধোয়া বা পরিষ্কার করার সময় অ্যানথ্রাক্সের জীবাণু মানুষে সংক্রমিত হয়। এ জন্য এসব ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৩১ ঘ.
bdnews24