২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ৭ সালিশকারীর বিরুদ্ধে হত্যা মামলা

সালিশে নির্যাতনের পর মাদারীপুরে মাদ্রাসাছাত্রী শিরিন আক্তারের আত্মহত্যার ঘটনায় সাত সালিশকারীকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় সাবেক এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 08:36 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

মাদারীপুর, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালিশে নির্যাতনের পর মাদারীপুরে মাদ্রাসাছাত্রী শিরিন আক্তারের আত্মহত্যার ঘটনায় সাত সালিশকারীকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় সাবেক এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদারীপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিরিনের আত্মহত্যার ঘটনায় তার মা হাজেরা খাতুন শনিবার রাতে থানায় একটি হত্যা মামলা করেছেন। দুধখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মহসিন ব্যাপারী এবং তার সহযোগী আক্কাস ব্যাপারী, আক্কাস চৌকিদার ও রশিদ আকনসহ সাত সালিশকারী ও অজ্ঞাতনামা আরো পাঁচ থেকে সাতজনকে এতে আসামি করা হয়েছে বলে জানান তিনি। ওসি বলেন, "গত (শনিবার) রাতেই মূল সালিশকারী মহসিন ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।" শিরিনের (১৫) ভাই মুর্তজা শরীফ সাংবাদিকদের বলেন, শিরিনের একটি ছাগল গত বৃহস্পতিবার প্রতিবেশী শাহ আলম হাওলাদারের চারা আম গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে শিরিনের সঙ্গে শাহ আলমের তর্কাতর্কি হয়। শাহ আলম এক পর্যায়ে শিরিনকে লাঠি দিয়ে পায়ে কয়েকটি আঘাত করে। এ ঘটনা শিরিন তার মা হাজেরা খাতুনকে জানালে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মহসিন বেপারীর কাছে নালিশ করেন। "শুক্রবার সকালে মহসিন বেপারী, আক্কাস বেপারী, আক্কাস চৌকিদার, রশিদ আকনসহ গ্রামের মাতবররা সালিশে শিরিনকে দোষী সাব্যস্ত করে। এরপর শাহ আলমের পা ধরে ক্ষমা চাইতে শিরিনকে বাধ্য করা হয়। শিরীনের গায়েও হাত তোলে মাতবররা", বলেন শিরিনের ভাই। তিনি বলেন, ঘটনার পর থেকেই শিরিন বাড়ি ফিরে কান্নাকাটি করছিলো। এরপর কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করে সে। শিরিন বড়াইলবাড়ী দাখিল মাদ্রাসার দশম শ্রেণীতে পড়তেন। এর আগে সালিশে সমাজচ্যুত করায় ১৫ অগাস্ট চার সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন হবিগঞ্জের ফেরদৌসী বেগম। এতে তিনি এবং দুই সন্তান মারা যান। রংপুরের বদরগঞ্জে সালিশের মাধ্যমে গৃহবধূ নির্যাতনে জড়িত থাকার ঘটনায় গত ৩১ জুলাই হাইকোর্ট বলেছে, এ ধরনের সালিশ-ব্যবসা অবশ্যই বন্ধ করতে হবে। গ্রাম্য সালিশ বন্ধ করতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। হাইকোর্টের ওই আদেশের ১৫ দিনের মাথায় হবিগঞ্জের ঘটনা ঘটে। হবিগঞ্জের ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা নিয়ে হাইকোর্ট পরদিনই প্রশ্ন তোলে; সালিশকারীসহ স্থানীয় তিন পুলিশ কর্মকর্তাকে তলব করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৪২৮/ ঘ.