২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালতের সাজার পর গাবতলীতে অবরোধ

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ায় গাবতলী বাস টার্মিনাল এলাকায় প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ করে রাখে পরিবহন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 07:57 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ায় গাবতলী বাস টার্মিনাল এলাকায় প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ করে রাখে পরিবহন শ্রমিকরা। রাজধানীর দারুস সালাম থানার ওসি আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে ভ্রাম্যমাণ আদালত গাবতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন কারণে সাত জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর প্রতিবাদে বেলা পৌনে ১২টার দিকে পরিবহন শ্রমিকরা টার্মিনালের বাইরে সড়কের ওপর যত্রতত্র বাস রেখে ব্যারিকেড সৃষ্টি করে। গাবতলী থেকে দারুস সালাম মোড় পর্যন্ত এভাবে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা। এতে করে গাবতলী দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। ঢাকায় ঢোকার মুখে আমিন বাজার সেতুতে আটকা পড়ে শত শত গাড়ি। একইভাবে গাবতলী দিয়ে ঢাকার বাইরে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া বিভিন্ন ধরনের গাড়ি আটকা পড়ে দারুসসালাম- কল্যাণপুর এলাকায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালকের আসনে বসে মোবাইল ফোনে কথা বলা, চালকের লাইসেন্স না থাকাসহ বিভিন্ন কারণে সাত জনকে কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি। "এই সাতজনকে সাজা দেওয়া ছাড়াও কাগজপত্র ঠিক না থাকার কারণে ১৬টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং অর্থদণ্ড দেওয়া হয়। এরই এক পর্যায়ে জানতে পারি, চালকদের সাজা দেওয়ার কারণে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছে।" শ্রমিকদের অভিযোগ, গ্রেপ্তার করার পর ওই সাত চালককে হাতকড়া পরিয়ে হাত পিছমোড়া করে বেঁধে নির্যাতন করা হয়। এর প্রতিবাদে রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করে তারা। ম্যাজিস্ট্রেট নির্যাতনের বিষয়টি অস্বীকার করলেও হাতকড়ার বিষয়টি স্বীকার করে বলেন, "সাজা হয়ে যাওয়ার পর তারা যাতে পালিয়ে যেতে যেনো না পারে- সে জন্য হাতকড়া পরানোর নিয়ম রয়েছে।" বিক্ষোভের এক পর্যায়ে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে ওই সাতজনের দণ্ড কমিয়ে সর্বনিু শাস্তি হিসেবে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় বলে ম্যাজিস্ট্রেট জানান। দুপুর ২টার দিকে এই সমঝোতা হলেও অবরোধ সরিয়ে নিতে গড়িমসি করতে থাকেন পরিবহন শ্রমিক নেতারা। এ সময় শ্রমিকদের ছোট ছোট দলে ভাগ হয়ে মিছিল করতে দেখা যায়। তারা ম্যাজিস্ট্রেটের শস্তির দাবিতে শ্লোগানও দেন। ওই সাত শ্রমিকের ওপর নির্যাতনের অভিযোগ এনে আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন বলেন, নির্যাতনের জন্য দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে বিচারের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। বিক্ষোভ চলাকালে ওসি আব্দুল মালেক ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বলেন, "আজকের এই পরিস্থিতির জন্য আপনিই দায়ী।" এক পর্যায়ে দুইজনের মধ্যে উত্তেজনাপূর্ণ কথাবার্তা হলে আশেপাশের সবাই তাদের শান্ত করেন। পরে ওসি ম্যাজিস্ট্রেটের কাছে দুঃখ প্রকাশ করেন। আব্দুল মালেক সাংবাদিকদের কাছে দাবি করেন, শ্রমিকদের শান্ত করার কৌশল হিসাবে তিনি ম্যাজিস্টেটের সঙ্গে ওই আচরণ করেছেন। পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশ ও মেজিস্ট্রেটের আরো এক দফা আলোচনার পর পৌনে ৩টার দিকে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে পুলিশ রাস্তায় নামে। তারা শ্রমিকদের বুঝিয়ে যত্রতত্র দাঁড় করিয়ে রাখা গাড়িগুলো সরানোর ব্যবস্থা করেন। এরপর যান চলাচল আবার স্বাভাবিক হয় ওসি আব্দুল মালেক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৮৫৫ ঘ.