ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মদিনায় হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেছেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার মসজিদে নববীতে আসর, মাগরিব ও এশাসহ তারাবির নামাজ আদায় করে রাতে রসুলের রওজা মোবারক জিয়ারত করেন বিরোধী দলীয় নেতা। তিনি দেশ ও দেশের মানুষের শান্তি ও কল্যাণের জন্য দোয়া করেছেন।"
ছোট ভাই শামীম এস্কান্দর, তার স্ত্রী কানিজ ফাতেমা, তাদের দুই ছেলে সায়েফ এস্কান্দার ও ফাসবীর এস্কান্দার ছাড়াও প্রেস সচিব মারুফ কামাল খান, বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব সুরতুজ্জামান ও আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ নুরু এই সফরে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন।
এছাড়া স্থানীয় বিএনপি নেতা আহমেদ আবদুর রহমান, আহমেদ আলী মুকিত, ফারুক আহমেদ ও জাহাঙ্গীর আলম জিয়ারতের সময়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে ছিলেন।
প্রেস সচিব জানান, রোববার মসজিদে নববীতে মাগরিবের নামাজ শেষে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া। মক্কায় তিনি ওমরাহ পালন করবেন।
ওমরাহ পালনের জন্য বৃহস্পতিবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবে যান খালেদা জিয়া। শুক্রবার সকালে তিনি রিয়াদ থেকে মদিনা পৌঁছান।
প্রতিবছরই রমজানের শেষ দিকে সৌদি আরবে ওমরাহ পালন করেন বিরোধী দলীয় নেতা। ৩০ অগাস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২০৪ ঘ.
bdnews24