২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার দেখে যেতে চান চাঁদপুরের আমেনা বেগম

২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহত চাঁদপুরের কুদ্দুস পাটওয়ারি এবং আতিকুল ইসলাম আতিকের স্বজনদের কান্না আজও থামেনি। সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। জানাচ্ছেন আল-ইমরান শোভন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 05:22 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

আল-ইমরান শোভন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চাঁদপুর, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহত চাঁদপুরের কুদ্দুস পাটওয়ারি (৩০) এবং আতিকুল ইসলাম আতিকের (৪০) স্বজনদের কান্না আজও থামেনি। সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। কুদ্দুসের বৃদ্ধা মা আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছেলের হত্যাকারীদের ফাঁসি দেখে যেতে চান তিনি। আর চার সন্তানের লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য সরকারের আর্থিক সহায়তা চেয়েছেন আতিকের স্ত্রী লাইলী বেগম। স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নেতা কুদ্দুস পাটওয়ারির বাড়ি জেলার হাইমচর উপজেলা সদরের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামে। আর আতিকুল ইসলাম আতিকের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের উত্তর পাঁচআনি গ্রামে। ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। থাকতেন যাত্রাবাড়ীতে। সেখান থেকেই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সেই দিন বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশে অংশ নেন আতিক। ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সেই সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত হন। আহত হয় শতাধিক মানুষ। সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত ওই সমাবেশের প্রধান অতিথি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ামাত্র শুরু হয় গ্রেনেড হামলা ও গুলি। শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার শ্রবণ ইন্দ্রীয় ক্ষতিগ্রস্ত হয়। গত ৩ জুলাই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, হারিছ চৌধুরী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে ২১ অগাস্ট মামলার সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। ২৫ অগাস্ট এই মামলার ধার্য দিনে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করতে পারে আদালত। কুদ্দুসের ভাই হুমায়ুন কবির পাটওয়ারি বলেন, "ঘটনার আগের দিন ঢাকা গেল কুদ্দুস। যাওয়ার সময় মাকে বললো- আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারপর বাড়ি ফিরে বিয়ে করবে। কিন্তু কুদ্দুস আর ফিরলো না।" অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সন্তানদের নিয়ে কোনোক্রমে টিকে থাকার চেষ্টা করছেন আতিকের স্ত্রী লাইলী। "সাত বছর গেল, আওয়ামী লীগের কোনো নেতা আমাদের বাড়ি আসেনি, খোঁজ-খবরও নেয়নি," বলেন তিনি। লাইলী বেগম জানান, শেখ হাসিনা সহায়তা হিসেবে যে এক লাখ টাকা দিয়েছেন, তার সুদ বাবদ মাসে দুই হাজার টাকা করে পান তিনি। পাশাপাশি মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতে হচ্ছে তাকে। হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২১ অগাস্ট নিহতদের স্মরণে রোববার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শোক র‌্যালি, কুদ্দুসের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও কালো ব্যাজ ধারণ করা হবে। এছাড়া বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল এবং সন্ধ্যায় কুদ্দুসের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। মতলব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস জানান, কেন্দ্রঘোষিত কর্মসূচি ছাড়াও আতিকের কবর জিয়ারত এবং তার বাড়ির পাশের মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১১১২ ঘ.