২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিমলের বিরুদ্ধে অভিযোগপত্র ট্রাইবুনালে

ভিকারুন্নিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের মামলায় একমাত্র অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধরের বিচার শুরু করতে অভিযোগপত্রসহ মামলার নথি পাঠানো হয়েছে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 07:29 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুন্নিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের মামলায় একমাত্র অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধরের বিচার শুরু করতে অভিযোগপত্রসহ মামলার নথি পাঠানো হয়েছে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে। গত ১৪ অগাস্ট মামলাটিতে পরিমল জয়ধরকে একমাত্র আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক এস এম শাহাদত হোসেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মজিবর রহমান অভিযোগপত্র দাখিলের বিষয়টি শনিবার স্বীকার করেন। ঢাকার ৪ নম্বর ট্রাইবুনালে দীর্ঘ দিন বিচারক না থাকায় এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আহমদ মোস্তফা দেওয়ান রোববার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির তারিখ ঠিক করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পাবলিক প্রসিকিউটর মো. ফোরকান মিয়া। এ মামলাটি তিনি ৪ নম্বর ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক হিসাবে বিচার করবেন। অভিযোগপত্রে মামলার অপর অভিযুক্ত ভিকারুন্নেসা নূন স্কুল এ্যন্ড কলেজের সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম এবং একই প্রতিষ্ঠানের বসুন্ধরা শাখার ভারপ্রাপ্ত প্রধান লুৎফর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এ কারণে অভিযোগপত্রের বিরুদ্ধে এ মামলার বাদি ছাত্রীর বাবা না রাজী আবেদন করবেন। বাদির আত্মীয় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের পরিচালক মো. মুজিবুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। না রাজী আবেদনের বক্তব্যের যৌক্তিকতা থাকলে অভিযোগপত্র গ্রহণ না করে বিচারক আবার মামলাটি নিয়ম অনুযায়ী তদন্তে পাঠাবেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আদালতে ছাত্রীটির দেওয়া জবানবন্দি, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণ এবং সার্বিক তদন্ত শেষে আসামি পরিমল জয়ধরের বিরুদ্ধে 'নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধিত ২০০৩' এর ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্য দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে। গত ২৭ জুলাই পরিমল তার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করলে নথিতে রাখার আদেশ দেয় আদালত। গত ১১ জুলাই পরিমল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং গত ১৭ জুলাই নির্যাতনের শিকার ভিকারুন্নেসা স্কুল বসুন্ধরা শাখার দশম শ্রেণীর ওই ছাত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় ঘটনাটি বর্ণনা করে জবানবন্দি দেন। মামলার নথিসূত্রে জানা গেছে, ছাত্রীটি বর্তমানে তার বাবা অর্থাৎ এ মামলার বাদির হেফাজতে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/০১১৬ ঘ.