নারায়ণগঞ্জ, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শনিবার রাতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে এক ট্রলার যাত্রীর মৃত্যু হয়েছে।
আহত হন ওই ট্রলারের আরো পাঁচ যাত্রী। তবে ট্রলারটি ডোবেনি।
নিহত ফকির মিয়ার (৪৫) বাড়ি বন্দর উপজেলায়। তিনি ফতুল্লা বিসিক শিল্প নগরীতে একটি শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী ছিলেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বন্দর থানার ওসি হারুন অর রশিদ জানান, রাত সাড়ে ১০টায় শহরের ১নম্বর খেয়াঘাট থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার বন্দর উপজেলার খেয়াঘাটের দিকে রওনা দেয়।
ট্রলারটি বন্দর খেয়াঘাটের কাছাকাছি পৌঁছলে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দেয়। এতে আতঙ্কিত কয়েকজন যাত্রী পানিতে লাফিয়ে পড়ে সাঁতরে কূলে ওঠে।
এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খানপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ফকির মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বালুবাহী বাল্কহেডটি পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.
bdnews24