২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে: আকন্দ

২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনি কিছু প্রক্রিয়া শেষ করার পর ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে- জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 06:53 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনি কিছু প্রক্রিয়া শেষ করার পর ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে- জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার যে কয়জন পলাতক রয়েছেন তাদের ব্যাপারে ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। "তাদের আত্মসর্মপণের জন্য আদালত পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে।" এর মধ্যে আত্মসর্মপণ না করলে আরো কিছু আইনগত প্রক্রিয়ার শেষে তাদের ব্যাপারে ইন্টারপোলের সাহায্য চাওয়া হবে বলে জানান কাহহার আকন্দ। পলাতক ১২ আসামিকে হত্যামামলায় বিচারের মুখোমুখি হতে আদালতে হাজির হওয়ার জন্য ১০ দিন সময় দিয়ে গত ৩ অগাস্ট দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আদালত। মামলার মোট ৫২ আসামির মধ্যে পুলিশের সাবেক তিন মহাপরিদর্শক মোহাম্মদ আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বখশ চৌধুরী এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অবসরপ্রাপ্ত এএসপি আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত এএসপি মুন্সী আতিকুর রহমান, বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আদালতে আত্মসমর্পণ করেছেন। বাংলাদেশে ইন্টারপোলের দায়িত্বে থাকা পুলিশের সহকারী মহাপরিদর্শক মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২১ অগাস্ট গ্রেনেড হামলার পলাতক আসামিদের ব্যাপারে সিআইডির পক্ষ থেকে এখনো কোনো তথ্য তারা পাননি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই হামলায় দলের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত ও শতাধিক আহত হয়। কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ১১ জুন সিআইডি কর্মকর্তা ফজলুল কবীর ২২ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরে রাষ্ট্র্রপক্ষের আবেদনে ২০০৯ সালের ৩ অগাস্ট আদালত অধিকতর তদন্তের আদেশ দেয়। এরপরই সিআইডির বিশেষ পুলিশ সুপার কাহহার আকন্দ মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পান। গত ৩ জুলাই তারেক রহমান, হারিছ চৌধুরী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে ২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে দেয় সিআইডি। পলাতক ১২ আসামি হলেন- বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরি, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ, সাইফুল ইসলাম জোয়ার্দার, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, সাবেক জোট সরকারের শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ছোট ভাই বাবু ওরফে রাতুল বাবু, পুলিশের সাবেক উপ-কমিশনার পূর্ব মো. ওবায়দুর রহমান, পুলিশের দক্ষিণের সাবেক উপ-কমিশনার খান সাইদ হাসান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আমিন। এছাড়া এ মামলার আসামি মাওলানা হাফেজ ইয়াহিয়াকে গত ১৮ অগাস্ট গ্রেপ্তার করেছে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩৩৮ ঘ.