ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগাস্ট গ্রেনেড হামলায় স্ত্রীকে হারানো রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে বিপন্ন করতে প্রতিক্রিয়াশীল চক্র এখনো সক্রিয়।
রাষ্ট্রপতি ২১ অগাস্টকে জাতীয় ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় অধ্যায় হিসেবে আখ্যায়িত করে শনিবার এক বাণীতে বলেছেন, "প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ও ঐক্য গড়ে তোলা সময়ের দাবি।"
১৯৭৫ সালের ১৫ অগাস্ট স্বাধীনতাবিরোধী ঘাতকচত্রের হাতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের অকালে জীবন দিতে হয়েছে- এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, "এরপরও সেই ঘাতকচক্র থেমে থাকেনি। তারা বঙ্গবন্ধুতনয়া শেখ হাসিনাকেও হত্যার নীলনকশা অনুযায়ী পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভা চলাকালীন ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলা চালায়।"
শোকাবহ ওই ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই হামলায় দলের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত ও শতাধিক আহত হয়। স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় শেখ হাসিনার শ্রবণশক্তি। আইভি রহমান রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইউএম/পিডি/২৩০৮ ঘ.
bdnews24