ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ও জনপথ অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা জোন) আব্দুল কুদ্দুস।
যোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাছের শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
সড়কের নাজুক দশা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে সরকার সড়ক বিভাগের কয়েকজন নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার ও বদলি করে। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন জানান প্রধান প্রকৌশলী শাহাবউদ্দিন।
কারণ হিসেবে শাহাবউদ্দিন শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে আবেদনে বলেন, তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বাড়ার কারণে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মুক্তিযোদ্ধা গণকর্মচারী হিসেবে এই কর্মকর্তার আগামী ১৮ নভেম্বর ৫৯ বছর বয়সে অবসরে যাওয়ার কথা ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৮০৯ ঘ.
bdnews24