চট্টগ্রাম, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- মো. আব্দুল মমিন (২৭), মো. শামসুর রহমান ওরফে দুলাল (২৭), আবদুল্লাহ (২৪) ও উজ্জ্বল দাশ (২৪)।
র্যাব-৭ এর এএসপি এস এম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় দিকে চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল এলাকায় অভিযান চালিয়ে ওই চার জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে দুটি এলজি, দুটি গুলি, একটি রামদা, একটি ছোরা ও একটি খেলনা রিভলবার উদ্ধার করা হয় বলে র্যাব কর্মকর্তা জানান।
এএসপি নুরুল হুদা বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, সেখানে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।"
অন্যদিকে র্যাবের আরেকটি দল বৃহস্পতিবার রাত ১১টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার ১১ নম্বর রোডের খেলার মাঠে অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক উদ্ধার করে।
এএসপি নুরুল হুদা জানান, র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে খেলার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/১৭৫২ ঘ.
bdnews24