ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মদিনায় মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শুক্রবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৮টার দিকে খালেদা মদিনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সৌদি আরবের সরকারি কর্মকর্তা ও প্রবাসী বিএনপি নেতারা তাকে অভ্যর্থনা জানান।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ওমরাহ পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে এমিরটেস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন।
তার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডাম মদিনায় হযরত মুহাম্মদ (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত করবেন।"
খালেদার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার ছোট ভাই শামীম এস্কান্দার, স্ত্রী কানিজ ফাতেমা, দুই ছেলে সায়েফ এস্কান্দার ও ফাসবীর এস্কান্দার, প্রেস সচিব মারুফ কামাল খান, সহকারী একান্ত সচিব সুরতুজ্জামান ও আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ নুরু।
প্রেস সচিব জানান, প্রতিবছর রমজান মাসের শেষ দিকে খালেদা জিয়া সৌদি আরবে ওমরাহ পালন করেন। আগামী ৩০ অগাস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জেকে/১৭২২ ঘ.
bdnews24