ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চিত্রশিল্পী ঢালী আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে।
ঢালীর বন্ধু ও চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আহত শিল্পীকে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে ব্যাংকক হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি।
ঢালীর সঙ্গে আছেন তার স্ত্রী দিলারা বেগম জলি ও বন্ধু শাহাদুজ্জামান মুন্না।
শনিবার মানিকগঞ্জে ওই দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মিশুক মুনীরসহ পাঁচ জন প্রাণ হারান। তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, ঢালী আল মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলিসহ আহত হন চারজন।
দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক মামুনের নিচের চোয়ালের হাড়ে চিড় ধরে এবং কয়েকটি দাঁত স্থানচ্যুত হয়। এছাড়া তার পাঁজরের আটটি হাড়েও চিড় ধরে। রাজধানীর স্কয়ার হাসপাতালে তার চোয়াল ও মাড়িতে অস্ত্রোপচার করা হয়।
এই শিল্পীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মনোজ কান্তি বড়াল রাজধানীর স্কয়ার হাসপাতালে জলির কাছে এই সহায়তার চেক হস্তান্তর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/১৬৪৬ ঘ.
bdnews24