গাজীপুর, ১৮ অগাস্টর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর আদেশে সংস্কার কাজ শুরুর পর গাজীপুর চৌরাস্তার পানি নিষ্কাশন ব্যাবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মহাসড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে মাওনা চৌরাস্তা এলাকাতেও।
তবে খনা-খন্দ মেরামত না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েকটি যানবাহন বিকল হয়ে আটকে থাকতে দেখা গেছে বৃহস্পতিবারও।
নতুন নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল আলম বৃহস্পতিবার সড়ক ও জনপথের গাজীপুর অফিসে যোগ দিয়েছেন। সংস্কার কাজের অগ্রগতি ও কর্মপদ্ধতি দেখতে বৃহস্পতিবার দিনভর গাজীপুরে কাটিয়েছেন দুই প্রকৌশলী। তারা বলছেন, তাৎক্ষণিক সব সমস্যার সমাধান না হলেও আগামী কয়েক দিনের মধ্যে এই সংস্কারের সুফল পেতে শুরু করবে সড়ক ব্যবহারকারীরা।
সড়কের অবস্থা খারাপ হওয়ায় স¤প্রতি রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে গাজীপুর হয়ে ১৩টি রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিকরা। শনিবার মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক (মিশুক) মুনীরসহ পাঁচজনের মৃত্যুর পর সড়কগুলোর অবস্থা নতুন করে আলোচনায় আসে। ফলে যোগাযোগমন্ত্রীকে অপসারণের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ঈদের আগে সব সড়ক মেরামতের নির্দেশ দিলে বুধবার সড়ক বিভাগে ঈদসহ সব ছুটি বাতিল করা হয়। একইসঙ্গে কয়েকজন নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার ও বদলির আদেশ দেয় সড়ক বিভাগ।
সড়ক ও জনপথের গাজীপুর অফিসের নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার করে সেখানে নিয়োগ দেওয়া হয় মো. শফিকুল আলমকে।
বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানান, রাস্তার পানি সরানোর জন্য দুদিনের ভেতরে মহাসড়কের পাশের ড্রেন পরিস্কার এবং প্রয়োজনে নতুন নালা তৈরি করা হবে। এ জন্য একটি এক্সকেভেটর শ্রীপুরের মাওনায় কাজ করছে। নারায়ণগঞ্জ থেকে আরেকটি আনা হচ্ছে।
সংস্কার শুরু করায় গাজীপুর চৌরাস্তার ভাঙা অংশে জমে থাকা পানি সরলেও গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কের উল্কা সিনেমাহল সংলগ্ন রাস্তায় পানি জমে থাকতে দেখা গেছে বৃহস্পতিবারও। ফলে ওই সারাদিনই কমবেশি যানজট লক্ষ্য করা যায়।
মাওনা চৌরাস্তা এলাকায় ড্রেনের কাজের ঠিকাদার রেজা কনস্ট্রাকশন লিমিটেডের প্রকল্প পরিচালক মমতাজ উদ্দিন বলেন, "আমরা ঢাকা-চট্টগ্রাম সড়ক চার লাইনে স¤প্রসারণের কাজ করছি। সেখান থেকে সরকারের নির্দেশে এখানে কাজ করতে এসেছি।"
তিনি বলেন, আপাতত অস্থায়ীভাবে ড্রেন করা হচ্ছে। এই ড্রেন হয়ে গেলে ভারী বৃষ্টিতেও রাস্তায় পানি জমবে না। রাস্তার ক্ষতি হবে না।
অবশ্য মাওনা চৌরাস্তা এলাকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মনে করেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ও বাজার উচ্ছেদ করা না হলে সড়ক মেরামত করে লাভ হবে না।
তার যুক্তি, সড়কের যেসব জায়গায় বাজার বসে, সেই সব স্থানেই রাস্তা ক্ষতিগ্রস্ত হয় সবচে বেশি। সেখানে পানি নিষ্কাশনেও সমস্যা হয়।
এর সমর্থন পাওয়া যায় মাওনা হাইওয়ে থানার ওসি জুবায়দুল আলমের কথাতেও।
তিনি বলেন, এ সড়কের ভবানীপুর, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, নয়নপুর, জৈনা বাজারসহ বিভিন্ন স্পটে বাজার রয়েছে। বাজারের জায়গাগুলোতে রাস্তার অবস্থা সবচে করুণ। বাজারের ময়লা আবর্জনা রাস্তার ওপর জমে থাকে। ফলে ড্রেনও বন্ধ হয়ে যায়। বাজারের পণ্যবাহী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে বলে যানজটের সৃষ্টি হয়।
এই পুলিশ কর্মকর্তা বলেন, "এসব অবৈধ বাজার উচ্ছেদে কয়েকবার উদ্যোগ নিয়েও লাভ হয়নি। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। শিগগিরই আবার উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০০৫৪ ঘ.
bdnews24