২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জের দুর্ঘটনা তদন্তের দায়িত্বে ডিবি

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচ জনের মৃত্যুর ঘটনায় ঘিওর থানার মামলাটি তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

মানিকগঞ্জ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচ জনের মৃত্যুর ঘটনায় ঘিওর থানার মামলাটি তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়েছে। ঘিওর থানার ওসি মো. রইছ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মামলাটির তদন্ত শুরু করবে। শনিবার দুপুরে ঢাকা থেকে পাটুরিয়াগামী চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ আরোহী নিহত হন, যার মধ্যে তারেক ছাড়া রয়েছেন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীর। ওসি রইছ বলেন, এ ঘটনায় ওইদিন রাতেই যাত্রীবাহী বাসের চালক জামির হোসেনকে আসামি করে উপ-পরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান থানায় একটি মামলা করেছেন। মামলার তদন্তের দায়িত্বে ছিলেন ঘিওর থানার এক কর্মকর্তা। তবে পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়ার নির্দেশে মামলাটি এখন তদন্ত করবে জেলা গোয়েন্দা পুলিশ। মামলার নথিপত্র রাতেই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আশরাফ উল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতোমধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার দৌলকদিয়ায় আসামি জামির হোসেনের (৪৫) বাড়িতে অভিযান চালানো হয়। তবে তাকে গ্রেপ্তার করা যায়নি। জামিরকে গ্রেপ্তারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান আশরাফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১০৫৭ ঘ.