ঠাকুরগাঁও, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে একটি ক্লিনিকের ব্যবস্থাপক নিজেই শল্যচিকিৎসক সেজে অস্ত্রোপচার করায় মৃত্যুশঙ্কা দেখা দিয়েছে এক প্রসূতির।
'সেভেন ডে' নামের ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ব্যবস্থাপক আমিনার রহমান ঘটনার পর থেকেই পলাতক।
সদর উপজেলার আকচা-ঘাটপাড়া গ্রামের দিনমজুর চাঁন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৪ অগাস্ট তিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী কোহিনুর বেগমকে (২০) সেভেন ডে ক্লিনিকে ভর্তি করান। ক্লিনিক ব্যবস্থাপক আমিনার রহমান নিজেকে একজন বিশেষজ্ঞ শল্যচিকিৎসক বলে পরিচয় দেন এবং আট হাজার টাকার বিনিময়ে কোহিনুরের 'অপারেশন' করার চুক্তি করেন।
ক্লিনিকের একজন কর্মচারী, একজন ওয়ার্ড বয় ও একজন আয়াকে নিয়ে ওই রাতেই অস্ত্রোপচার করেন আমিনার। কোহিনুর একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু বৃহস্পতিবার তার অবস্থা খারাপের দিকে গেলে ঘটনা ফাঁস হয়ে যায়।
বৃহস্পতিবার বিষয়টি তদন্তের পর ভারপ্রাপ্ত সিভিল সার্জন শহিদুল হক অপারেশন থিয়েটার 'সিলগালা' করে দেন। বিপদ বুঝে পালিয়ে যান ব্যবস্থাপক আমিনার।
সিভিল সার্জন জানান, ক্লিনিকের রেজিস্ট্রারে শল্যচিকিৎসক হিসাবে সাবেক সিভিল সার্জন আমজাদ হোসেন ও অ্যানেসথেসিয়া চিকিৎসক হিসাবে সদর হাসপাতালের আবুল কাশেমের নাম লিখে নেখেছে ক্লিনিক ব্যবস্থাপক।
অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান শহিদুল।
ক্লিনিকের মালিক প্রফুল্ল কুমার সাংবাদিকদের কাছে দাবি করেন, সব কিছুই তার অজান্তে হয়েছে। এসএসসি পাশ আমিনার ছিলেন ক্লিনিকের ওয়ার্ড বয়। পরে ক্লিনিকের ব্যবস্থাপক হন।
চাঁন মিয়া জানান, ক্লিনিক কর্তৃপক্ষ কোহিনুরের চিকিৎসা ব্যয় বহনের কথা বলে আপসের প্রস্তাব দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস
bdnews24