২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'উত্তপ্ত করার হুমকি আদালত অবমাননার শামিল'

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির আদালত উত্তপ্ত করার 'হুমকি' আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির আদালত উত্তপ্ত করার 'হুমকি' আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মঙ্গলবার বলেন, "বার সভাপতি জুজুর ভয় দেখাচ্ছেন। আদালত উত্তপ্ত করার হুমকি আদালত অবমাননার শামিল।" "আমরা শুনেছি আজো জামিনের বিষয়ে সময় নিয়েছেন। এর মাধ্যমে তিনি পরোক্ষভাবে প্রতিনিয়ত আদালতের উপর চাপ সৃষ্টি করে চলেছেন।" প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। এরপর এ বিষয়ে সাংবাদিকদরা জানতে চাইলে ওই কথা বলেন অ্যাটর্নি জেনারেল। হাইকোর্টে হট্টগোলকেন্দ্রিক দুই মামলার আইনজীবী আসামিদের জামিন প্রসঙ্গে মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন মাহবুব। এরপর তিনি সাংবাদিকদের জানান, জামিন না হলে পরিস্থিতি সমিতির নেতৃত্বের বাইরে চলে যাবে। ওই অবস্থায় আদালতের পরিস্থিতি উত্তপ্ত হবে। সংবিধান নিয়ে কটূক্তির অভিযোগে গত ২ অগাস্ট ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানিতে খালেদা জিয়ার নাম এলে সরকার ও বিরোধী দলপন্থী আইনজীবীদের মধ্যে ব্যাপক হট্টগোল হয়। ওই ঘটনায় পুলিশকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপিপন্থী ১৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এর মধ্যে ১৩ আইনজীবীকে পেশা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে রুল দেয় হাইকোর্ট। হট্টগোলের পরদিন হত্যাচেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৯ আইনজীবীসহ ১৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন হাইকোর্টে হট্টগোলের মামলার তদন্ত কর্মকর্তা এস এম জলিল। 'তাদের জন্য কোনো সমঝোতা হতে পারে না' রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেন, "আদালতের ভাবমূর্তি, বিচারপতিদের মর্যাদা এবং সংবিধানের শ্রেষ্ঠত্ব ইত্যাদি বিষয়ে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসাবে আমি আপোষ করতে পারি না।" তিনি বলেন, "কিছু বিপদগামী আইনজীবীর জন্য সাধারণ আইনজীবীদের কোনো সহানুভূতি নেই। তাদের জন্য কোনো সমঝোতা হতে পারে না। ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা প্রতিরোধে ওই আদালতে ইতিমধ্যেই সিসি ক্যামেরা বসানো হয়েছে। প্রয়োজনে বারান্দায়ও বসানো হবে।" প্রধান বিচারপতিকে উভয় পক্ষ থেকে পাঁচজন করে জ্যেষ্ঠ আইনজীবীকে নিয়ে সমঝোতার প্রস্তাব দিয়েছেন বলে এর আগে সাংবাদিকদের জানান আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মুহবুব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১১৮ ঘ.