২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যুবদল নেতাকে অপহরণের পর নির্যাতন

বরিশালে এক যুবদল নেতাকে অপহরণের পর নির্যাতন করে হাত-পা থেতলে দিয়েছে প্রতিপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

বরিশাল, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে এক যুবদল নেতাকে অপহরণের পর নির্যাতন করে হাত-পা থেতলে দিয়েছে প্রতিপক্ষ। মঙ্গলবার ভোর ৫টার দিকে বাবুগঞ্জ উপজেলার একটি ইটের ভাটা থেকে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিমান বন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন। আহত যুবদল নেতার নাম আনিছুর রহমান মিলন (৪২)। তিনি বরিশাল মহানগর ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি। আনিছুর বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকমকে জানান, সোমবার রাতে মসজিদে নামাজ শেষে মিলন কাঠপট্টির নিজ বাসায় ফিরছিলেন। পথে বাকলার মোড় এলাকার সৈয়দ কায়সারের ছেলে ভুট্টো, বাজাররোড এলাকার নাইয়া বশির, লাইনরোড এলাকার জাফর ও কাঠপট্টি এলাকার মুন্না তাকে অপহরণ করে। একটি প্রাইভেট কারে তুলে বাবুগঞ্জ উপজেলায় সুপার ব্রিকস নামের একটি ইটভাটায় নিয়ে যায়। সেখানে একটি গাছের সাথে বেধে তার ওপর রাতভর নির্যাতন চালানো হয়। ভুট্টোর নির্দেশে ভাটার শ্রমিকরা লাঠি, লোহার রড ও গাছের ডাল দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙ্গে দিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন মিলন। ওসি শাখাওয়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিলনকে ইটভাটায় নিয়ে মারধর করে কয়েকজন। ভোর সাড়ে ৫টায় অজ্ঞান অবস্থায় মিলনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ভাটার ৪ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৯৩৩ ঘ.