শরীয়তপুর, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একজন মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।
সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করে।
রোববার রাতে জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবল নগর গ্রামে এ ঘটনা ঘটে।
সোলায়মানকে আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার স্ত্রী মাকসুদা বেগম জানান, রোববার রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উত্তর কেবল নগর গ্রামের জয়নাল বেপারী, রাজ্জাক বেপারী ও বিল্লাল বেপারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র, লোহার রড, লাঠি সোটা নিয়ে সোলায়মানের বাড়ীতে হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর করে।
এরপর সন্ত্রাসীরা গঙ্গানগর বাজারে গিয়ে সোলায়মানের তেল ও যন্ত্রাংশের দোকানে হামলা চালায়। সেখানেও তারা লুটপাট করে ২ লাখ টাকার মালামাল ও নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে সোলায়মান বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছেন।
সোলায়মান বলেন, স্থানীয় কতিপয় সন্ত্রাসী আমার জমি কিনতে চায়। আমি বিক্রি করতে রাজী না হওয়ায় তারা আমার ঘরবাড়ী ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করে। এ সময় তারা আমাদের মারধর করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০০২ ঘ.
bdnews24