গাজীপুর, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি নির্মাণাধীন কারখানার ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হন সাতজন।
রোববার দুপুরে খান প্যাকেজিং নামের এই কারখানার ছাদ ঢালাই চলার সময় ধসে পড়ে।
রাত ৯টার দিকে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা সাব্বির আহম্মদের (২৫) লাশ উদ্ধার করে। সাব্বির বাঘেরহাটের ফকিরহাট উপজেলার বাবনা গ্রামের কবীর হোসেনের ছেলে।
আহতরা হলেন বাদল মিয়া (২৬), নুরুল ইসলাম (৫০), শামীম আহম্মেদ (৩০), জাকির হোসেন (৩০), মো. হাফিজুর রহমান রাজু (২৮), বশির আহম্মেদ (২৬) ও ওমর ফারুক (২২)। তাদের টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, সকাল ৯টার দিকে ১০/১২ জন নির্মাণ শ্রমিক খান প্যাকেজিংয়ের ছাদ ঢালাইয়ের কাজ শুরু করে। দুপুর আড়াইটার দিকে ছাদটি পশ্চিম দিকে ধসে পড়ে।
এ সময় ওই ছাদের উপর থেকে লাফিয়ে পড়ে সাতজন আহত হন।
টঙ্গী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাফিয়া বিনতে রউফ জানান, আহতদের কারো আঘাতই গুরুতর নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৯ ঘ.
bdnews24