২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলগঞ্জে হামলায় ছাত্রলীগকর্মী আহত

মৌলভীবাজারের কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে রোববার দুপুরে ছাত্রদলের হামলায় তিন ছাত্রলীগকর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

মৌলভীবাজার, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে রোববার দুপুরে ছাত্রদলের হামলায় তিন ছাত্রলীগকর্মী আহত হয়েছেন। এরা হলেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মঞ্জুর আহমদ, কর্মী জহিরুল ইসলাম ও জাকির হোসেন। তাদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শাহীন আহমদ জানান, গোলাম কিবরিয়া নামের এক বহিরাগত ছাত্রদল নেতা শনিবার ক্যাম্পাসে এলে কলেজ ছাত্রলীগ আহ্বায়ক মঞ্জুর আহমদ তাকে চলে যেতে বলেন। এর জের ধরে রোববার সকাল ১১টার দিকে গোলাম কিবরিয়া ছাত্রদলের কয়েকজন কর্মী নিয়ে ক্যাম্পাসে এসে মঞ্জুরকে মারধর করে চলে যান। এর প্রতিবাদে ছাত্রলীগ সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চৌমুহনী এলাকায় গেলে বেলা দেড়টায় ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালায়। এ ব্যাপারে কমলগঞ্জ গণমহাবিদ্যালয় ছাত্রদল আহ্বায়ক রাসেল আহমদ সাংবাদিকদের জানান, গোলাম কিবরিয়া বহিরাগত নন। তিনি কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের স্নাতক শ্রেণীর ছাত্র ও ছাত্রদল নেতা। ছাত্রদল নেতাকর্মীদের ছাত্রলীগকর্মীরা কলেজে ঢুকতে বাধা দেওয়ায় এ হামলা হয় বলে তিনি দাবি করেন। কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আসার পর আপাতত কলেজ পরিস্থিতি শান্ত রয়েছে। কমলগঞ্জ থানার ওসি মো. নাজিম উদ্দীন বলেন, এখন কলেজ পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৩ ঘ.