২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মৌলভীবাজারের কুলাউড়ায় ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 08:11 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

মৌলভীবাজার/চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়ায় ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ জন। রোববার সকাল ৯টার দিকে মৌলভীবাজারের ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুয়াইউনি এলাকায় এ ঘটনা ঘটে বলে কুলাউড়া থানার ওসি আজিজুর রহমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কুলাউড়া যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক লকুছ মিয়া (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় আরো পাঁচ জন । লকুছ মিয়ার বাড়ি রাজনগর উপজেলার দত্তগ্রামে। আহতদের ব্রাহ্মণবাজার মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস ও ট্রাক আটক করা হয়েছে বলে জানান ওসি। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহীপুর কলেজ মোড়ে সকাল ১০টার দিকে বাসের ধাক্কায় সফিকুল ইসলাম (৪০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি সদর উপজেলার মুনসেফপুর গ্রামের সোহরাব আলীর ছেলে। সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহীদ উদ্দীন জানান, সফিকুল তার বাড়ি থেকে সাইকেলে মহীপুর আসছিলেন। একটি যাত্রীবাহী বাস সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪০৮ ঘ.