২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ মাসের মধ্যে কমিউটার ট্রেন : যোগাযোগমন্ত্রী

আগামী ১৫ মাসের মধ্যে বিভিন্ন গন্তব্যে কমিউটার ট্রেন চালুর জন্য ইঞ্জিন ও কোচসহ ২০টি ডিজেল ইলেকট্রিক মালটিপল ইউনিট (ডিইএমইউ) সংগ্রহে চীনের তাংশান রেলওয়ে ভেহিকল কোম্পানির সঙ্গে চুক্তি করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৫ মাসের মধ্যে বিভিন্ন গন্তব্যে কমিউটার ট্রেন চালুর জন্য ইঞ্জিন ও কোচসহ ২০টি ডিজেল ইলেকট্রিক মালটিপল ইউনিট (ডিইএমইউ) সংগ্রহে চীনের তাংশান রেলওয়ে ভেহিকল কোম্পানির সঙ্গে চুক্তি করেছে সরকার। বৃহস্পতিবার রেলভবনে চীনা প্রতিষ্ঠানটির পক্ষে ভাইস জেনারেল ম্যানেজার ঝেন দাউই ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের এ চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন জানান, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৫ কোটি ৮৩ লাখ ডলার ব্যয়ে এসব ডিইএমইউ আনা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী বলেন, "এসব ডিইএমইউ দেশে পৌঁছলে সেগুলো কমিউটার সার্ভিস হিসেবে বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। এতে যাত্রীরা দ্রুত ও নিরাপদে গন্তব্যে যাতায়াত করতে পারবেন।" অনুষ্ঠানে জানানো হয়, তিন কোচবিশিষ্ট প্রতিটি ইউনিটের এ ট্রেনের দুই পাশে ইঞ্জিন থাকবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা-জয়দেবপুর, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ভৈরববাজার, চট্টগ্রাম-ফেনী, চট্টগ্রাম-নাজিরহাট, চট্টগ্রাম-দোহাজারি, দিনাজপুর-পার্বতীপুর-রংপুর, লালমনিরহাট-পার্বতীপুর-সৈয়দপুর রুটে এ ট্রেন চলাচল করবে। অন্যদের মধ্যে চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/জেকে/১৯৩৯ ঘ.