মৌলভীবাজার, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার শহরের একটি জুয়েলারি দোকান থেকে চুরি হওয়া ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও একলাখ টাকাসহ তিনজনেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তালা ভাঙার সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।
বুধবার বেলা আড়াইটায় মৌলভীবাজার সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ এ তথ্য জানায়।
গত ১৫ জুলাই রাতে শহরের সেন্ট্রাল রোডের নিপু জুয়েলার্স থেকে ৩২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা চুরি হয়। ঘটনার পরপরই থানায় মামলা করেন দোকান মালিক নিপু।
সংবাদ সম্মেলনে জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ ভরি ৬ আনা স্বর্ণালঙ্কার ও একলাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদীর পলাশ উপজেলার জয়নগর গ্রামের শরিফুল ইসলাম (২৯), চাঁদপুরের কচুয়া উপজেলার নুরপুর গ্রামের শাহ আলম পাটোয়ারী (৪২) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ফোরকান ফকির (৩০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩৩ ঘ.
bdnews24