ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ের মামলার পর ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পুলিশের করা অন্য দুটি মামলায়ও জামিন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের। তিনটি মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে আর বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের স্নাতকোত্তর বর্ষের ছাত্র কাদের বর্তমানে কারা হেফাজতে বঙ্গবন্ধু মেডিকেলের প্রিজন সেলে চিকিৎসাধীন।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক দুই মামলায় তাকে জামিন দেন। গাড়ি ছিনতাইয়ের মামলায় গত সোমবার ঢাকা মহানগর হাকিম আদালত থেকে জামিন পান তিনি।
কাদেরের আইনজীবী মুনজুর আলম মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাদের বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন। বিকালে সেখান থেকে তিনি মুক্তি পাচ্ছেন।
ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে কাদেরকে গত ১৫ জুলাই খিলগাঁও বিশ্বরোড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ, তার এ গ্রেপ্তার হয়রানিমূলক। এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও পালন করছে তারা।
গত ১৫ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি গাড়ি ছিনতাই মামলায় ২১ জুলাই কাদেরকে গ্রেপ্তার দেখায় পুলিশ। অথচ মামলার এজাহারে কাদেরের নাম ছিলো না।
পুলিশের বক্তব্য অনুযায়ী, গত ১৬ জুলাই ওই গাড়ি নিয়ে খিলগাঁওয়ে ছিনতাই করার সময় পুলিশ ও জনতা গাড়িসহ কাদেরকে আটক করে।
থানায় কাদেরের ওপর পুলিশি নির্যাতনেরও অভিযোগ তুলেছেন তার মা মনোয়ারা বেগম। এই নির্যাতনের অভিযোগ তদন্তের জন্য হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি রুল জারি করে।
আইন মন্ত্রণালয় ও পুলিশ বিভাগকে দুটি তদন্ত কমিটি করার নির্দেশ দেওয়া হয় এবং আদালতের আদেশে খিলগাঁও থানার ওসি হেলালউদ্দিন, এসআই আলম বাদশাহ ও এএসআই শহীদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
জামিন শুনানি
বুধবার কাদেরের পক্ষে তার আইনজীবী আব্দুল মতিন খসরু খিলগাঁও থানার দুটি মামলার জামিন শুনানিতে বলেন, কাদের পুলিশের সাজানো মামলার শিকার হয়েছেন। তার ওপর নির্যাতনের ঘটনাটি সারা দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে।
তিনি বলেন, "পুলিশ বর্বরতা, নৃশংসতার মাধ্যমে রিমান্ডে নিয়ে তদন্তের রহস্য উদঘাটনের জন্য মারপিট করছে। কিছু অসৎ পুলিশের জন্য পুরো পুলিশ বিভাগের দুর্নাম হচ্ছে। এসব অসৎ পুলিশকে রিমান্ডে নিয়ে পেটানোর আইন করার সময় এসেছে।"
এ সময় বিচারক জহুরুল হক বলেন, "রিমান্ডে নিয়ে পুলিশ টর্চার (নির্যাতন) করে স্বীকারোক্তি আদায় করছে যা মোটেই আইনস্বীকৃত নয়। আর কাদেরকে অস্ত্র মামলায় তার কাছ থেকে যে চাপাতি উদ্ধার দেখানো হয়েছে আইনের দৃষ্টিতে তা অস্ত্র নয়, কেননা চাপাতির জন্য কোন লাইসেন্স প্রয়োজন হয়না।"
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহআলম তালুকদার এ সময় এই বক্তব্য সমর্থন করে বলেন, বিচারক আইনানুগভাবে কাদেরকে অস্ত্র মামলায় জামিন দিলে তার কোন আপত্তি নেই।
তবে ডাকাতির প্রস্তুতি মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী কমিশনার প্রসিকিউশন আমিনুর রহমান জামিনের ঘোর বিরোধিতা করেন।
পরে বিচারক শুনানি শেষে উভয় মামলায় কাদেরের জামিন মঞ্জুর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৪৩০ ঘ,
bdnews24