২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্দায় দোকান কর্মচারীকে প্রহার, ব্যবসায়ীদের বিক্ষোভ

নওগাঁর মান্দা উপজেলা সদরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারিকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের সাবেক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

নওগাঁ, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দা উপজেলা সদরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারিকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের সাবেক নেতা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিবাদে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাস্তায় নেমে এসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। তারা টাইগার নাহিদকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে। মান্দা বাজারের রনি মোবাইল মেলা এন্ড ডিজিটাল ষ্টুডিও'র স্বত্ত্বাধিকারী খলিলুর রহমান জানান, স্থানীয় ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ মোর্শেদ শুভ ওরফে টাইগার নাহিদ ছবি তোলাকে কেন্দ্র করে স্টুডিওতে আগত এক গ্রাহককে মারপিট করে। দোকান কর্মচারি পার্থ চক্রবর্তী এর প্রতিবাদ করায় টাইগার নাহিদ আরো ক্ষিপ্ত হয়ে তাকে দোকান থেকে টেনে বাইরে নিয়ে পেটাতে থাকে। পার্থকে পেটাতে পেটাতে চৌরাস্তার মোড় পর্যন্ত নিয়ে যাওয়া হয়। উপজেলা বণিক সমিতির সভাপতি শ্যামলেন্দু দাস এ ঘটনার প্রতিবাদ করায় নাহিদের হাতে তিনিও লাঞ্ছিত হন। এদিকে এ সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা সদরের ব্যবসায়ীরা দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাস্তায় নেমে আসে। তারা বিক্ষোভ মিছিল বের করে এবং উপজেলার সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রহমান সুপার মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. এমদাদুল হক, বণিক সমিতির সভাপতি শ্যামলেন্দু দাস, ব্যবসায়ী আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান বিষ্ণুপদ সরকার কার্তিক, আ'লীগের সহসভাপতি ব্রহানী সুলতান গামা, যুগ্ম সম্পাদক প্রভাষক জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে নাহিদকে গ্রেফতারের দাবি জানান। বণিক সমিতির সভাপতি শ্যামলেন্দু দাস বলেন, ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ নাহিদকে গ্রেপ্তারে ব্যর্থ হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় রনি মোবাইল মেলা এন্ড ডিজিটাল ষ্টুডিও'র পক্ষে রায়হানুল ইসলাম রনি বাদি হয়ে টাইগার নাহিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মান্দা থানার ওসি শাহাবুদ্দীন আহমেদ জানান, থানায় মামলা দায়ের হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৪০ ঘ.