গাজীপুর, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে গাজীপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী।
মঙ্গলবার ভোরে তারা ওই কার্যালয়ের সামনে পাঁচটি মটর সাইকেল ও সরকারি আবাসিক ভবনের জানালার কাঁচ ভাংচুর করে।
গাজীপুর সদর উপজেলার চান্দনা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুসল্লি সাংবাদিকদের জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ চলে যায়। রাত পৌনে ৩টার দিকে বিদ্যুৎ এসে আবার সোয়া ৩টার দিকে চলে যায়। এতে ক্ষুদ্ধ হয়ে কয়েকশ মুসল্লি ও এলাকাবাসী মঙ্গলবার ভোরে গাজীপুর পল্লী বিদ্যুৎ প্রধান কার্যালয়ে হামলা চালায়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর পল্লী বিদ্যুতের ব্যবস্থাপক (জিএম) সৈয়দ অহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুই-আড়াইশ লোক মঙ্গলবার ভোরে বিদ্যুতের দাবিতে ইট-পাটকেল ছুঁড়ে সরকারি আবাসিক ভবনের জানালার কাঁচ এবং বিদ্যুৎ কার্যালয়ের ৫টি মোটর সাইকেল ভাংচুর করে।
তিনি জানান, গাজীপুরে ১৪০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে দেওয়া হয় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ। তাই লোড শেডিং করতে হয়। এছাড়া জেলা শহরের সাবস্টেশনে 'আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে' স্থাপন করায় দিনে ৫-৬ বার স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায়।
তার ওপর ঢাকা থেকে জেলার কেন্দ্রীয় (৩৩ কেভি) লাইনও প্রতিবার আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা করে বন্ধ করে দেওয়া হয়। ফলে এলাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।
তবে গাজীপুর সদর উপজেলার কড্ডায় স্থাপিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি এ বছরের ১১ নভেম্বর চালু হলে এ সমস্যা কমে যাবে বলে অহিদুল ইসলাম জানান।
বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের (পিডিবি) হিসাব অনুযায়ী, বর্তমানে সারাদেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় পাঁচ হাজার মেগাওয়াট এবং ঘাটতি প্রায় এক হাজার মেগাওয়াট। ফলে লোডশেডিংয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।
পিডিবি'র হিসাব অনুযায়ী, ৩১ জুলাই সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিলো ৪ হাজার ৯৯৪ মেগাওয়াট। এ দিন ঘাটতি ছিলো ৯৭৬ মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৮২৮ ঘ.
bdnews24