২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে রাতে দুই খুন

রাজধানীর যাত্রাবাড়ী ও সূত্রাপুরে সোমবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও গুলিতে দুইজন খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 07:08 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী ও সূত্রাপুরে সোমবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও গুলিতে দুইজন খুন হয়েছে। নিহতরা হলেন- মো. শাহীন (২৮) ও মো. মাসুর (৪০)। রাত ১০টার দিকে যাত্রাবাড়ির ধলপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন শাহীন। সূত্রাপুর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) অবনী শংকর কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধলপুর খালেকুজ্জামানের গলিতে কয়েকজন সন্ত্রাসী শাহীনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসককে তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, মো. শাহীনের বিরুদ্ধেও থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে শাহীন খুন হয়ে থাকতে পারেন। তবে শাহিনের বড় ভাই মো. শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ভাই কখনোই সন্ত্রাসী ছিলেন না। তিনি আনসারে চাকরি করতেন। অসুস্থতার কারণে এখন চাকরি ছেড়ে দিয়েছেন। 'খাটকি' বাবুসহ কয়েকজন তার ভাইকে হত্যা করেছে। কেন হত্যা করেছে এ ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি শামীম। সূত্রাপুরে সন্ত্রাসীদের গুলিতে খুন হন মাসুম নামেও ওই ব্যবসায়ী। তাকেও হত্যা করা হয় রাত ১০টার দিকে। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ মৈসুন্দির বাসা থেকে বের হয়ে টিপু সুলতান রোড খ্রিস্টান কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাসুমের ছোট ভাই মো. হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ভাইকে কারা এবং কী কারণে হত্যা করলো তাদের কারো জানা নেই। এই দুই হত্যার ঘটনায় পুলিশ রাত ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/০১০৮ ঘ.