সিরাজগঞ্জ, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ হরকাতুল জিহােেদর (হুজি) নামে চিঠি পঠিয়ে রমজান মাসে বন্ধ না রাখলে বোমা মেরে সিরাজগঞ্জ শহরের চারটি সিনেমা হল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
তিন-চার দিন আগে হল মালিকদের কাছে চিঠি দিয়ে এ হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকযোগে চিঠিগুলো শহরের মমতাজ, মৌসুমী, গোধুলী ও লক্ষী সিনেমা হল মালিকদের কাছে পাঠানো হয়।
মমতাজ সিনেমা হলের মালিক শেখ ইমতাজ আলী কুমকুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন-চার দিন আগে তার কাছে হুজি এ চিঠি পাঠায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
তিনি জানান, রমজানের পবিত্রতা ভঙ্গ করা সিনেমা হল চালু রাখা হলে আগামীতে যে কোনো উৎসবের দিনে শক্তিশালী গ্রেনেড বোমা মেরে হলগুলো উড়িয়ে দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় হল মালিকরা উদ্বিগ্ন বলে জানান কুমকুম।
সিরাজগঞ্জ সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হুমকি দেওয়ার পর থেকে শহরের চারটি সিনেমা হলে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া সিনেমা হলে প্রবেশের সময় দর্শকদের দেহ তল্লাশী করার জন্য মালিকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি জানান, শহরতলী ও উপজেলার হল মালিকগুলোর কাছে এ চিঠি পাঠানো হয়নি।
সোমবার রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার পংকজ ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যেই পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে সদর থানায় জিডি করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/০০০২ ঘ.
bdnews24