২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানের আগের দিন চট্টগ্রামে সবজির দাম চড়া

রোজা শুরু আগের দিন চট্টগ্রামে প্রতি কেজি ধনেপাতা বিক্রি হয়েছে ৩০০ টাকায়। এছাড়া কাঁচা মরিচ, টমোটো গাজরসহ অন্যান্য সবজির দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 05:16 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

চট্টগ্রাম, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজা শুরু আগের দিন চট্টগ্রামে প্রতি কেজি ধনেপাতা বিক্রি হয়েছে ৩০০ টাকায়। এছাড়া কাঁচা মরিচ, টমোটো গাজরসহ অন্যান্য সবজির দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। সোমবার নগরীর রেয়াজুদ্দিন বাজার, কাজির দেউড়ি, চকবাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে ক্রেতারা বেশি দামেই এসব পণ্য কিনছেন। খুচরা ব্যবসায়ীরা বলছেন, রোজা শুরুর দুইদিন আগে পাইকারী বাজারে দাম বেড়ে যাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সাধারণ ক্রেতাদের অভিযোগ রমজানকে সামনে রেখে কোনো কারণ ছাড়াই বেড়েছে সবজির দাম। বহদ্দারহাট বাজারের খুচরা ব্যবাসায়ী মো. মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই দিন আগেও প্রতিকেজি ধনে পাতা বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকায়। "রোববার পাইকারি বাজার থেকেই ধনেপাতা কিনতে হয়েছে প্রতি কেজি ২৫০ থেকে ২৭০ টাকায়। ফলে ৩০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।" পাইকারী ব্যবাসায়ীরা বলছেন চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা শনিবার নগরীর বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও সোমবার বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকায়। চকবাজারের খুচরা ব্যবসায়ী আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার পাইকারি বাজার থেকে প্রতি কেজি কাঁচা মরিচ ২৫ থেকে ৩৫ টাকায় কিনলেও রোববার থেকে ৭০ থেকে ৭৫ টাকায় কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে উল্লেখ করে সামাদ বলেন, "দাম আরো বাড়তে পারে।" বহদ্দারহাটে বাজার করতে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবুল মনছুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনদিন আগেও কাঁচা মরিচের দাম ছিল কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা। বেড়েছে গাজর, শশা, টমেটোর দামও ধনেপাতা, কাঁচা মরিচের পাশাপাশি ইফতারির অন্যতম উপাদান গাজর, শসা এবং টমোটোর দামও বেড়েছে। এ তিনটি পণ্যের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। কাজির দেউড়ি বাজারের ১০৩ নম্বর দোকানের স্বত্তাধিকারী মো.সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইদিনের ব্যবধানে প্রতিকেজি টমেটোর দাম বেড়েছে ৩০ টাকা। দেশের বিভিন্ন জেলা থেকে চাহিদা অনুযায়ী চট্টগ্রামে সবজি আসেনি। তিনি বলেন, দুইদিন আগেও প্রতি কেজি টমেটো ৬০ থেকে ৬৫ টাকা বিক্রি করেছি। কিন্তু রোববার থেকে ৯০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। একই বাজারের ব্যবসায়ী আহমদ নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শুক্রবার প্রতি কেজি শশা ২৫ এবং গাজর ৫০ টাকায় বিক্রি করেছি। সোমবার থেকে ৪৫-৫০ এবং ৭০ টকা দরে এসব সবজি বিক্রি করতে হচ্ছে। ধনে পাতা, কাঁচা মরিচ, টমেটো, গাজর ছাড়াও অন্যান্য সবজির দামও বেড়েছে। সোমবার প্রতিকেজি বেগুন ৪০ টাকা, ঢেড়শ ৪০, কুমড়া ৩০, পটল ৩০, বরবটি ৪৫, করলা ৪০, লাউ ৩২ থেকে ৩৬, ঝিঙে ৫০ টাকায় বিক্রি হয়েছে। দুইদিন আগেও বেগুন ৩০, ঢেড়শ ৩২, কুমড়া ২০, পটল ২৫, বরবটি ৩৫, করলা ৩৬, লাউ ২৮ এবং ঝিঙে ৪৫ টাকায় বিক্রি হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/২৩০৩ ঘ.