চট্টগ্রাম, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কাজ করার সময় জাহাজ থেকে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, সোমবার ভোররাত ২টার দিকে পতেঙ্গা থানাধীন লালচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মনির হোসেন (২৫) একই থানাধীন লালদিয়ার চর এলাকার শামসুল আলমের ছেলে। তিনি ওই জাহাজে ওয়েল্ডিং এর কাজ করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত একটার দিকে 'বাংলার গৌরব' জাহাজে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় জাহাজ থেকে পড়ে যান মনির। আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে রাত ২টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/কিউএইচ/১৩১৫ ঘ.
bdnews24