ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গায় ডুবে যাওয়া নৌকার দুই আরোহীর লাশ রোববার সকাল পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তবে কয়েকজনের খোঁজ না পেয়ে এখনো তীরে আছেন তাদের স্বজনরা।
বালুবাহী বার্জের ধাক্কায় ডুবে যাওয়া ইঞ্জিনচালিত নৌকাটি সনাক্ত হয়েছে। এটিকে তীরের কাছে টেনে আনা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত কেরানীগঞ্জ মডেল থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ জালাল রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্রেন আনার পর নৌকাটি ওপরে তোলা হবে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত নৌকাটি তুলে আনার প্রক্রিয়া শুরু হয়নি।
পুলিশ কর্মকর্তা জালাল বলেন, রাতে দুজনের লাশ উদ্ধারের পর আর কোনো লাশ পাওয়া যায়নি।
এদিকে নদীর পাড়ে সকালেও কয়েকজনকে অপেক্ষা করতে দেখা যায়, যারা বলছেন- তাদের স্বজনরা ওই নৌকায় ছিলেন এবং তাদের খোঁজ এখনো মেলেনি।
রাজু মোহাম্মদ নামে এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার শাশুড়ি মমতাজ বেগমের খোঁজ তারা এখনো পাননি।
মাসুমা বেগম নামে এক মহিলাও খোঁজ করছিলেন তার খালাতো ভাই আব্দুর রহমানের।
শনিবার রাত পৌনে ৯টার দিকে শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি মিটফোর্ড হাসপাতাল ঘাট বরাবর বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়। তবে এর আরোহীদের অধিকাংশই সাঁতরে এবং অন্য নৌকার সহায়তায় কূলে আসে।
সুমন লাল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, নৌকাটি শতাধিক যাত্রী নিয়ে বাবুবাজার ঘাট থেকে কামরাঙ্গীরচর মাদবর বাজার ঘাট যাচ্ছিলো। মিটফোর্ড ঘাট বরাবর নদীতে পশ্চিম দিকে থেকে আসা একটি বার্জ নৌকাটিকে ধাক্কা দিলে এটি পানিতে তলিয়ে যায়।
নৌকাডুবির পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। রাত ১১টার দিকে মোস্তফা কামাল রিপন (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি মিটফোর্ড হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। পরে পাওয়া যায় মোহাম্মদ আমির নামে আরেক জনের লাশ। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
নৌকাডুবিতে আহত চার জন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- নিহত রিপনের স্ত্রী মণিকা আক্তার (২২), আল আমিন (২৮), আবু তাহের (৪০) ও সোলয়মান (৩৫)।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ অগ্রণী রাত ১টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরে ডুবে যাওয়া নৌকাটি সনাক্ত করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অগ্নি নির্বাপণ বাহিনীর উপ-পরিচালক মিজানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১০৫৫ ঘ.
bdnews24