ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেছেন, "ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আমাকে কথা দিয়ে গেছেন- দহগ্রাম-আঙ্গরপোতার মানুষের জন্য তিন বিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা থাকবে।"
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার রাতে গোপালগঞ্জের কোটালিপাড়ার আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে সাক্ষাত অনুষ্ঠানে হাসিনা এ কথা বলেন।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতা।
পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন ও দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের মাঝখানে তিন বিঘা করিডোর। ১৯৯২ সালের ২৬ জুন ইজারার মাধ্যমে করিডোরটি বাংলাদেশকে দেওয়া হয়। ২০০১ সালের ২৭ এপ্রিল থেকে এক ঘণ্টা পরপর যাতায়াতের পরিবর্তে সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত যাতায়াতের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।
অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ কখনোই ভারতের কাছ থেকে ন্যায্য পাওনা আদায় করতে পারে না- বিএনপি'র এরকম সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন, "ওনারা (বিএনপি) ক্ষমতায় থাকতে কী করেছেন? আমরা ক্ষমতায় এসে গঙ্গা চুক্তি করে গঙ্গার পানি এনেছি।"
বিএনপি আমলের পররাষ্ট্রনীতির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, "তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশ ভারতের বাজারে পরিণত হয়েছিলো।"
বিএনপি ক্ষমতায় থাকতে কখনো ভারত ও মায়ানমার কাছে সমুদ্রসীমার দাবি করেনি বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসেই সমুদ্রসীমার দাবি করেছে।
বিরোধীদলীয় নেতার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, "তারা ক্ষমতায় থাকতে দেশকে কী দিয়েছে? তারা দেশের অর্থ বিদেশে পাচার করা ছাড়া একটা কাজও করেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩০৯ ঘ.
bdnews24